২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের দুপক্ষে সংঘর্ষ, আহত ৬

দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের দুপক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

আহতদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোকাদ্দেস হোসেন বাবলু, ডেপুটি কমান্ডার সিদ্দিক গজনবী ও  বেলাল উদ্দিনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই তিনজন হাসাপাতালে ভর্তি আছেন। এছাড়া আহত আরো ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

শনিবার সকালে দিনাজপুর এলজিইডি কার্যালয়ে এক বৈঠক চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মোকাদ্দেস হোসেন বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলজিইডি দিনাজপুর কার্যালয়ের প্রধান প্রকৌশলী মুক্তিযোদ্ধা ওয়াহেদুর রহমান রংপুর বিভাগের জেলা ও উপজেলা কমান্ডাদের নিয়ে একটি মতবিনিময় সভা ডাকেন।

তিনি বলেন, “সভা শুরু হওয়ার পর বেলা সাড়ে ১১টায় আমাকে বক্তব্য দিতে আহ্বান করলে ডেপুটি কমান্ডার সিদ্দিক গজনবীর নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয়।”

তবে সিদ্দিক গজনবী হামলার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযোদ্ধা সংসদের নাম ব্যবহার করে মোকাদ্দেস হোসেন বাবলু নিজের পছন্দের লোকদের নিয়ে শনিবার এলজিইডি ভবনে গোপন সভা ডাকেন। মুক্তিযোদ্ধারা এর প্রতিবাদ করলে বাবলুর নেতৃত্বে অমুক্তিযোদ্ধা বহিরাগতরা তাদের উপর হামলা চালায়।

হামলায় তিনিসহ পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

সিদ্দিক জানান, ২০১০ সালের ২৬ জুন গঠিত জেলা মুক্তিযোদ্ধা সংসদের তিন বছরমেয়াদী কমিটির মেয়াদ শেষ হয় তিন মাস আগে। তখন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ থেকে জেলা কমিটি ভেঙ্গে দেয়া হয়।

তারপরও জেলা কমিটির কমান্ডার মোকাদ্দেস হোসেন বাবলুসহ তাদের নির্বাহী কমিটির অধীনে কার্যক্রম অব্যাহত রাখে এবং দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়ে বলে তিনি অভিযোগ করেন।

এর আগে শুক্রবার জেলা মুক্তিযোদ্ধা সংসদের বিবদমান দুপক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় তাদের কার্যালয় সিলগালা করে দেয় জেলা প্রশাসন।

দিনাজপুর জেলা প্রাশসক আহমদ শামীম আল রাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে মুক্তিযোদ্ধা সংসদের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্তি করে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে। এখন মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।