বিদ্যুৎ কেন্দ্র নিয়ে পাল্টাপাল্টি সমাবেশে রামপালে ১৪৪ ধারা
কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পক্ষে ও বিপক্ষে বাগেরহাটের রামপালে এক স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার সকাল ৮টা থেকে রাত ১০ পর্যন্ত রামপালের ফয়লা বাসস্ট্যান্ড মোড়ে সব ধরনের সভা সমাবেশের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উপজেলার সাপমারী এলাকায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে সকাল ১০ টায় সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ফয়লা বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধন ও গণসমাবেশ ডাকে।
একই সময় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পক্ষে উপজেলা আওয়ামী লীগও সমাবেশ ডাকে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, “পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সব ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”
রামপাল থানার ওসি জগন্নাথ চন্দ্র বলেন, রামপালের ফয়লা এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা জারি কথা জানিয়ে দেয়া হয়েছে এবং সকালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুর রউফ কর্মসূচি স্থগিত করার কথা জানালেও এ সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
রামপাল উপজেলার সাপমারি ও কাটাখালী এলাকায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সাড়ে নয় কিলোমিটার দূরে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রায় ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রের জন্যে ১ হাজার ৮৩৪ একর কৃষিজমি অধিগ্রহণ করা হয়েছে।
তবে সুন্দরবনের পরিবেশ ও প্রাণ বৈচিত্র্য রক্ষায় স্থানীয়রা ও দেশের পরিবেশবাদীরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন।
