প্রাতঃভ্রমণে গিয়ে প্রাণ গেল নারীর
বাগেরহাটে স্বামীসহ প্রাতঃভ্রমণে বের হয়ে একটি প্রাইভেটকারের ধাক্কায় মারা গেছেন এক নারী।
বাগেরহাট মডেল থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন সুনিতা রাণী বকসী (৪৫)।
তিনি শহরের কাঠপট্টি এলাকার স্বর্ণ ব্যবসায়ী অশোক কুমার বকসীর স্ত্রী।
অশোকের বরাত দিয়ে ওসি এরশাদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে এই দম্পতি হাঁটতে বের হন। পথে পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার সুনিতাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
দ্রুত তমাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা এরশাদুল আরো বলেন, প্রাইভেটকারটি সনাক্ত করার চেষ্টা চলছে।
