কিশোরগঞ্জে গৃহবধূকে ‘পুড়িয়ে হত্যা’
কিশোরগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এই অভিযোগে নিহতের স্বামীসহ তিন জনকে আটক করা হয়েছে বলে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল মালেক জানিয়েছেন।
নিহত তমা আদিত্য (২৩) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সাধুপাড়া গ্রামের তপন আদিত্যর মেয়ে।
গ্রেপ্তারকৃতরা হলেন- তমার স্বামী কিশোরগঞ্জ সদর উপজেলার কাতিয়ারচর গ্রামের ঝুটন বিশ্বাস, শ্বাশুড়ি কল্পনা বিশ্বাস ও জা সীতা বিশ্বাস।
বৃহস্পতিবার ভোররাতে শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ তমাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে শুক্রবার বিকালে তিনি মারা যান।
যৌতুকের কারণেই শ্বশুড়বাড়ির লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অভিযোগ করে তমার বাবা তপন আদিত্য পাঁচজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছেন।
তিন বছর আগে ঝুটনের সঙ্গে তমার বিয়ে হয়। ঝুটন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা করছিলেন।
মামলার উদ্ধৃতি দিয়ে ওসি মালেক বলেন, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য তমার ওপর নির্যাতন চালিয়ে আসছিল। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে তার গায়ে আগুন ধরিয়ে দেয় শ্বশুরবাড়ির লোকজন।
তমার স্বামী, শাশুড়ি ও জা-কে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে।
