২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাওনা দাবিতে ঘেরাওয়ে খুলনার পাটকল শ্রমিকরা

মজুরি কমিশনের তৃতীয় কিস্তির টাকা পরিশোধের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করেছে খুলনার রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের শ্রমিকরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 12:06 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

পূর্বঘোষিত দুই দিনের কর্মসুচির প্রথমদিন শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রমিকরা নিজ নিজ পাটকলের প্রশাসনিক ভবন দুই ঘণ্টা ঘেরাও করে রাখে। 

এই কারণে কারখানায় উৎপাদনে ব্যাঘাত ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আন্দোলনকারী শ্রমিকরা জানায়, কর্তৃপক্ষ তাদের সঙ্গে তিন দফায় বৈঠকে বসে পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। 

ক্রিসেন্ট জুট মিল সিবিএ সভাপতি মুরাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দাবি মেনে না নেয়া হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।”

ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার বিক্ষোভ মিছিল করবে পাটকল শ্রমিকরা।

জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের বর্ধিত হারে শ্রমিকদের তৃতীয় কিস্তির টাকা পরিশোধের জন্য চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে শোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেএমসি।

কিন্তু নির্ধারিত সময়ে টাকা না পেয়ে  বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা।  

এ পরিস্থিতিতে খুলনার খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম, দিঘলিয়ার স্টার, আটরা শিল্পাঞ্চল এলাকার আলিম, ইস্টার্ন এবং যশোর শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিলের সিবিএ নেতাদের ঢাকায় নিয়ে আলোচনায় বসেন বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালেদ। 

ওই বৈঠকে আগামী ৩১ অগাস্টের মধ্যে বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দেয়া হয় বলে শ্রমিক নেতা মুরাদ জানান।

এই সময়সীমায় পাওনা দিতে ব্যর্থ হলে আবার সিবিএ নেতারদের সঙ্গে বৈঠকে বসেন বিজেএমসি চেয়ারম্যান।

মুরাদ বলেন, “এবার ৫ সেপ্টেম্বর অর্থ পরিশোধের অঙ্গীকার করেন, কিন্তু সেটাও রক্ষা হয়নি।”

এরপর গত  বুধবার সিবিএ নেতারা শনিবার ও রোববার দুদিনের কর্মসূচি দেয়।