২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারকালে শিশুসহ ৩৮ জন আটক

বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ৩৮ জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে একজন পাচারকারীও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 11:16 AM

Updated : 23 Aug 2022, 06:51 PM

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মান্নান জানান, শুক্রবার রাতে সাদীপুরের রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আটক পাচারকারী শরীয়তপুরের আব্দুল লতিফের ছেলে জুয়েল হোসেনসহ অন্য দালালরা মিথ্যা চাকরির প্রলোভন দেখিয়ে এদের অবৈধ পথে ভারতের গুজরাটে নিয়ে যাচ্ছিল।”

জুয়েল ছাড়া আটককৃতদের মধ্যে দুই শিশু ছাড়াও রয়েছেন ৩১ জন পুরুষ ও চারজন নারী। নড়াইল, চাঁদপুর, জামালপুর, যশোর, বগুড়া ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকা থেকে এরা এসেছেন।   

শুক্রবার রাতেই এদের বেনাপোল পোর্ট থানায় পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

সুবেদার মান্নান বলেন, অভিযানের সময় একজন পাচারকারী ধরা পড়লেও বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির মালিক রাজ্জাকসহ অন্য দালালরা পালিয়ে যায়।

আটক বগুড়ার কেরাজ আলীর ছেলে আব্দুল মজিদ ও নড়াইলের গোদা মোর্ল্লার ছেলে কেছমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের গুজরাট শহরে তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে আশ্বাস পেয়ে তারা প্রত্যেকে দালালদের ৪০ হাজার টাকা করে দিয়েছিলেন। 

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক আব্দুল আজিজ বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে তোলা হবে বলে।