ত্বকী হত্যার বিচার চেয়ে শীতলক্ষ্যায় ‘আলোর ভাসান’
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার চেয়ে শীতলক্ষ্যা নদীতে ‘আলোর ভাসান’ ছেড়েছে সাংস্কৃতিক কর্মীরা।
শুক্রবার সন্ধ্যার পর পর মাটির ছোট পাত্র ও কলা গাছের খোলে মোমবাতি জ্বেলে চিমনি ঘেরা শত শত বাতি নদীতে ভাসায় শ্রুতি সাংস্কৃতিক একাডেমি।
এ সময় মাইকে বেজে উঠে প্রতিবাদী কবিতা।
উপস্থিত সকলে এক সঙ্গে গেয়ে ওঠেন, ‘আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো...এই জীবন পূর্ণ কর’।
শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি আব্দুর রহমান বলেন, তারা শীতলক্ষ্যা নদীতে আর কোনো লাশ দেখতে চান না। নদীর পানি আর কোনো লাশের দুগর্ন্ধে কলুষিত হোক তা তারা চান না।
নিখোঁজের দুই দিন পর গত ৮ মার্চ এই শীতলক্ষ্যা নদীর শহরের চারারগোপ কুমুদিনী খালে মেধাবী ছাত্র ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে বিভিন্ন সময় বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকা থেকে তরুণ নাট্যকার দিদারুল ইসলাম চঞ্চল, ব্যবসায়ী আশিকুল ইসলাম, ব্যবসায়ী ভুলু সাহার লাশ উদ্ধার করা হয়।
