২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়শিয়ায় গ্রেপ্তারকৃত বাংলাদেশি ৪৪৪

মালয়শিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে সম্প্রতি শুরু হওয়া অভিযানে ৪৪৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন সংস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 10:05 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

সম্প্রতি কুয়ালালামপুরে বাংলাদেশ মিশনকে আনুষ্ঠানিকভাবে এই সংখ্যাটি নিশ্চিত করা হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. শামীম আহসান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালয়শিয়ায় সাম্প্রতিক অভিযানে কতজন বাংলাদেশি ধরা পড়েছে এবং তাদের কার কি সমস্যা তা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে জানার অপেক্ষায় ছিলেন তারা।

মালশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে বিভিন্ন অপরাধে ১ থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে ধরা হয়েছে।

তিনি আরো বলেন, তবে গ্রেপ্তারদের মধ্যে কতজন সেখানে নিয়মিত অবস্থান করছিলেন এবং কতজন অভিবাসনের অনুমতি চাইতে গিয়ে ধরা পড়েছেন তা স্পষ্ট নয়।

মালয়শিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি এর আগে জানিয়েছিলেন, অবৈধ ভিসায় মালয়শিয়ায় আগমনকারী ও ভিসার মেয়াদ শেষের পরও অবস্থানকারীদেরকে ধরতে চলতি বছরের শেষ পর্যন্ত অভিযান চলবে।

অভিযানে আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, চীন, নাইজেরিয়া এবং থাইল্যান্ডের নাগরিক রয়েছেন।

এজেন্সির ভিসায় মালয়শিয়ায় যাওয়ার পর বিভিন্ন রকম প্রতারণা ও ভোগান্তির শিকার হচ্ছিলেন শ্রমিকরা। সে কারণে সম্প্রতি সরকারি তত্ত্বাবধানে ওই দেশে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেয় সরকার। ইতোমধ্যে সরকারিভাবে (জিটুজি) শ্রমিকদের কয়েকটি দল মালয়শিয়া গিয়েছেন।

এছাড়া ঢাকায় মালয়শিয়ার দূতাবাসের পরিচালনায় বাংলাদেশি দর্শনার্থিদের ভিসা দিতে একটি বিশেষ কেন্দ্র খোলা হয়েছে বলেও জানা গেছে।