শামীম ওসমানের সহযোগীর নাম প্রত্যাহারে পুলিশের চাপের অভিযোগ
পুলিশের চাপে নারায়ণগঞ্জে নসিব পরিবহনের কার্যালয়ে সন্ত্রাসীদের হামলার ঘটনায় করা লিখিত অভিযোগ থেকে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের এক সহযোগীর নাম বাদ দিতে বাস মালিকরা বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন বাস মালিকরা।
নসিব পরিবহনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের পর এ অভিযোগ করেন নসিব পরিবহন প্রাইভেট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মো. আল আমিন।
বৃহস্পতিবার শামীম ওসমানের সহযোগী এহসানুল হাসান নিপুর নেতৃত্বে নসিব পরিবহন কার্যালয় দখলে নেয়ার চেষ্টায় হামলার অভিযোগ করে ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এ সংবাদ সম্মেলন করেন বাস মালিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আল আমিন বলেন, বৃহস্পতিবারের ঘটনায় হামলা, মারধর ও ভাংচুরের অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাইফুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তিনি বলেন, “তবে অভিযোগে শামীম ওসমানের শ্যালক এহসানুল হাসান নিপুর নাম দেয়া হলেও পুলিশের চাপে বাদ দেয়া হয়েছে।”
প্রতিবেদককে উদ্দেশ্য করে এই বাস মালিক বলেন, “ভাই বোঝেনইতো তারা প্রভাবশালী, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা এমনিতেই চাপে আছি।”
এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ছত্রছায়ায় তার স্ত্রীর খালাতো ভাই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু গত সাড়ে চার বছরে নসিব পরিবহন থেকে ৬ কোটি টাকা চাঁদা নিয়েছেন। নসিব পরিবহনের বাস মালিকরা দীর্ঘদিন ধরে তাদের কাছে জিম্মি ছিলেন।
কিন্তু ২৩ আগস্ট থেকে তারা চাঁদা দেয়া বন্ধ করে দিয়ে যাত্রীপ্রতি দুই টাকা ভাড়া কমানোর ঘোষণা দেন।
“বৃহস্পতিবার নসিব পরিবহন দখলে নিতে দুদফা কার্যালয় হামলা চালায় তারা। র্যাব ও পুলিশ এবং বাস মালিকরা সর্তক থাকায় সন্ত্রাসীরা দখলে নিতে ব্যর্থ হয়।”
বাস মালিকদের নিরাপত্তায় র্যাব ও পুলিশের সহায়তা কামনা করেন তিনি।
তিনি বলেন, “বৃহস্পতিবার এহসানুল হাসান নিপুর নেতৃত্বে আমাদের নসিব পরিবহন কার্যালয় দখল নেয়ার চেষ্টা করা হয়েছে।”
হামলার অভিযোগপত্র থেকে নিপুর নাম বাদ দিতে চাপ দেয়ার অভিযোগ অভিযোগ অস্বীকার করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঘটনায় দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
তবে এহসানুল হাসান নিপু বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, গত ৩০ অগাস্ট স্বাস্থ্যগত সমস্যার কথা জানিয়ে তিনি নসিব পরিবহনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে বাস মালিকদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।
তিনি দাবি করেন, বৃহস্পতিবারের ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁদা বন্ধ করে দেয়ায় নসিব পবিরহনের বাস মালিকরা বর্তমানে লাভজনক অবস্থায় রয়েছে। তাই গাড়ির চালক ও হেলপারের বেতন বাড়ানো হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে কোম্পানির পরিচালক সৈয়দ আশরাফ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে নসিব পরিবহনের কার্যালয়ে সন্ত্রাসীদের চালানো কয়েক দফা হামলায় বাস মালিকরাসহ অন্তত ১০ জন আহত হন।
