২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় ঘরের ভেতর এক দম্পতির লাশ পেয়েছে পুলিশ। 

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 09:35 AM

Updated : 25 Apr 2022, 07:13 PM

পুলিশের ধারণা, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন স্বামী।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে পৌর শহরের দড়িনারিতা এলাকার একটি টিনশেড ঘরে এমরান হোসেন (৩০) ও তার স্ত্রী আলো খাতুনের (১৮) লাশ পাওয়া যায়।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, আলোর রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে ছিল, গলায় ছিল ছুরির আঘাতের চিহ্ন। আর এমরানের লাশ ঘরের আঁড়া থেকে দড়িতে ঝুলছিল। 

ওসি জানান, ওই বাড়ির পাশের ঘরেই এমরানের মা আমেনা খাতুন থাকেন। রাতে ছেলেকে ডাকতে গিয়ে তিনি দেখেন দড়জা ভেতর থেকে বন্ধ। ভেতরে কারো সাড়া শব্দ নেই। এরপর তিনি বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা রাত ২টার দিকে পুলিশে খবর দেন।

পরে রাত ৩টার দিকে পুলিশ এসে দড়জা ভেঙে ঘরে ঢুকে স্বামী স্ত্রীর লাশ পায়। 

ওসি জানান, এমরান নির্দিষ্ট কিছু করতেন না। মাস ছয়েক আগে আলোর সঙ্গে প্রেম করে তার বিয়ে হয়।

“আমরা ধারণা করছি, দাম্পত্য কলহের জের ধরে এমরান প্রথমে স্ত্রীকে খুন করে। পরে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমরা ঘরে রক্তমাখা ছুরি পেয়েছি। এমরানের লুঙ্গিতে হাতের রক্ত মোছার চিহ্নও ছিল।”  

দুজনের লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।