২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন ধ্বংসে রামপাল বিদ্যুৎ কেন্দ্র: মঈন খান

রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হবে দাবি করে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা মঈন খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 12:00 AM

Updated : 23 Aug 2022, 06:51 PM

বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, “ভারত সরকার পরিকল্পনা করে সুন্দরবনকে ধ্বংস করতে চায়। এরই অংশ হিসেবে সুন্দরবনের ৪ কিলোমিটারের মধ্যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পাঁয়তারা করছে।

“জনস্বার্থবিরোধী’ রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প এদেশের মাটিতে কোনোভাবেই করতে দেয়া হবে না।”

‘ভারতের সঙ্গে অসম চুক্তিতে রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ স্থাপন মানেই সুন্দরবনের অপমৃত্যু’- শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।

সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সড স্টাডিস যৌথভাবে এর আয়োজন করেন।

সাবেক মন্ত্রী মঈন খান বলেন, ভারত যে কয়লা দিয়ে রামপালে বিদ্যুৎ কেন্দ্র চালাতে চায় তা ‘বিষাক্ত’।

“ভারতের কয়লায় ১০ শতাংশ সালফার থাকায় তাদের জনগণ তা নিজ দেশে ব্যবহার করতে দিচ্ছে না।”

“১০ শতাংশ সালফার সমৃদ্ধ কয়লার ব্যবহার পৃথিবীতে পুরোপুরি নিষিদ্ধ, এই নিষিদ্ধ কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে ত্রিভুবন বিষাক্ত করতে দেব না।”

এই প্রকল্প প্রতিহত করতে এখনি দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, বর্তমান প্রকল্প অনুমোদন করলে পরবর্তী সরকারের জন্য তা বন্ধ করা অনেক দুরহ হবে।

“কেননা প্রকল্পের চুক্তি অনুযায়ী যে পক্ষের কারণে তা (প্রকল্প) বন্ধ বা ক্ষতি হবে সেই পক্ষকে শতভাগ ক্ষতিপূরণ দিতে হবে।”

সুন্দরবনের পাশে বাগেরহাটের রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে বামপন্থী সমর্থিত নাগরিক সংগঠন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিও আন্দোলন চালিয়ে আসছে।

আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকা থেকে সুন্দরবনমুখী লংমার্চের কর্মসূচিও রয়েছে তাদের।