২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিকল্প বিরোধ নিষ্পত্তিতে লাভ উভয়পক্ষেরই’

অর্থ ও বাণিজ্য সংক্রান্ত মামলা বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি (এডিআর) হলে বিনিয়োগকারীরা উত্সাহিত হবে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 09:02 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিকল্প বিরোধ নিষ্পত্তির মধস্থতাকারীদের একটি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “আমরা যদি আমাদের দেশে বিনিয়োগকারীদের আকর্ষণ করতে চাই। তাহলে মামলায় দীর্ঘসূত্রতার অবসান ঘটাতে হবে। কারণ তারা এটা পছন্দ করেন না।

“অর্থ ও বাণিজ্য সংক্রান্ত মামলা বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি হলে বিনিয়োগকারীরা উত্সাহিত হবে। দেশে বিনিয়োগ বাড়বে।”

এই পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি হলে উভয়পক্ষই উইন-উইন অবস্থায় থাকে বলেও জানান তিনি।

আয়োজকদের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার আমাদের আদালতে অনিষ্পন্ন মামলাসমূহ নিষ্পত্তির লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আদালতের বাইরে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষে বিভিন্ন আইনও সংশোধন করেছে। অর্থ ঋণ আদালত আইন-২০০৩, দেওয়ানী কার্যবিধি-১৯০৮ এবং আয়কর অধ্যাদেশ ১৯৮৪ সংশোধন করে মধ্যস্থতা বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও যুক্তরাজ্যের সেন্টার ফর ইফেকটিভ ডিসপুট রেজ্যুলেশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

দ্বিতীয় পর্যায়ের এই কর্মশালায় ১০জন প্রশিক্ষণার্থী অংশ নেন। গত ৩১ অগাস্ট থেকে ৫ দিনের এই কর্মশালা শুরু হয়। এর আগে গত ২৬ অগাস্ট প্রথম দফার কর্মশালা হয়।

আইসিসি-বি’র সভাপতি ও বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিয়াকের প্রধান নির্বাহী ড. তৌফিক আলী, আইএফসির বাংলাদেশ প্রতিনিধি এম মনসুর রিয়াজ।