এমএলএম ব্যবসা নিয়ন্ত্রণ অধ্যাদেশের গেজেট প্রকাশ
মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম (এমএলএম) নিয়ন্ত্রণ অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।
আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করলেও বৃহস্পতিবার তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী ব্যক্তিকে এ অধ্যাদেশ কার্যকর হওয়ার ৯০ দিনের মধ্যে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।
অধ্যাদেশে কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে বিধান রাখা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, গৃহস্থালী পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য, প্রসাধন ও টয়লেট্রিজ পণ্য, হারবাল পণ্য, টেলিযোগাযোগ সেবা বা এতে ব্যবহারযোগ্য পণ্য, প্রশিক্ষণ সংক্রান্ত পণ্য ও সেবা এবং কৃষিজ ও কৃষিজাত পণ্য বা সেবার ক্ষেত্রে লাইসেন্সের অধীন মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা যাবে।
তবে সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা পণ্য বা সেবার তালিকা সংশোধন করতে পারবে।
মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স দেয়ার একক এখতিয়ার থাকবে সরকারের এবং লাইসেন্সের জন্য সরকারের নিকট নির্ধারিত পদ্ধতি ও ফরমে আবেদন করতে হবে।
আবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যে সরকার আবেদনে উল্লিখিত ব্যবসা প্রতিষ্ঠানের স্থান সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করবে এবং তথ্য পরীক্ষার পর লাইসেন্স মঞ্জুর অথবা নামঞ্জুরের সিদ্ধান্ত নেবে।
তবে সরকার সন্তুষ্ট হলে অনধিক ৩০ দিনের মধ্যে লাইসেন্স ইস্যু করবে অথবা সন্তুষ্ট না হলে কারণ উল্লেখ করে তা নামঞ্জুর করে আবেদনকারীকে জানাবে।
সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো লাইসেন্স বা এর অধীনে অর্জিত স্বত্ব সম্পূর্ণ বা আংশিকভাবে হস্তান্তরযোগ্য হবে না।
বিভিন্ন শাস্তি
গেজেটে বলা হয়েছে, কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করলে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
সরকারের অনুমোদন ছাড়া লাইসেন্স বা এর অধীনে অর্জিত স্বত্ব সম্পূর্ণ বা আংশিকভাবে হস্তান্তরের অপরাধে সর্বোচ্চ দুই বছর এবং সর্বনিম্ন এক বছর কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী ব্যক্তি অধ্যাদেশ কার্যকর হওয়ার ৯০ দিনের মধ্যে লাইসেন্সের জন্য সরকারের কাছে আবেদন করতে না পারলে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন ছয় বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
কোনো ব্যক্তি মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার আওতায় পিরামিড সদৃশ বিক্রয় কার্যক্রম পরিচালনার অপরাধে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন পাঁচ বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
মোড়কজাতকরণ ব্যতীত মাল্টি-লেভেল পদ্ধতিতে পণ্য বিপণন করলে সর্বোচ্চ দুই বছর এবং সর্বনিম্ন এক বছর কারাদণ্ড এবং দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
পণ্যের মুল্য অযৌক্তিক বাড়ানোর অপরাধে সর্বোচ্চ তিন বছর এবং সর্বনিম্ন এক বছর কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
অন্যদিকে নিম্নমানের পণ্য বা সেবা বিপণনের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিম্ন দুই বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড করতে পরবে সরকার।
অধ্যাদেশে উল্লিখিক অপরাধের জন্য কোনো ব্যক্তি দ্বিতীয়বার বা বারবার একই ধরণের অপরাধ করলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হবেন।
এই অধ্যাদেশের অধীন অপরাধগুলো আমলযোগ্য ও অজামিনযোগ্য হবে বলেও গেজেটে বলা হয়েছে।
কোনো মাল্টি লেভেল কোম্পানির ব্যবসায় পাওনাদার, শেয়ারহোল্ডার বা অন্য কোনো ব্যক্তিকে প্রতারণার জন্য পরিচালিত হচ্ছে অথবা এর প্রশাসনিক কার্যক্রম প্রতারণা বা অবৈধ উদ্দেশ্যে বা কোনো সদস্যকে হয়রানির জন্য অথবা কোম্পানিটি প্রতারণা বা অবৈধ উদ্দেশ্যে গঠিত হয়েছে বলে তদন্তে ধরা পড়লে সরকার লিখিতভাবে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্দিষ্ট সময়ের জন্য উক্ত কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্ব নিতে পারবে।
এ উদ্দেশ্যে সরকার উক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ বাতিল করে এক বা একাধিক প্রশাসক নিয়োগ করতে পারবে বলেও গেজেটে উল্লেখ রয়েছে।
