২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিসম্পদ পরিষদ গঠন

পানি আইন বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে প্রধান করে জাতীয় পানিসম্পদ পরিষদ গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 11:55 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আলতাফ আলী স্বাক্ষরিত গত ২ সেপ্টেম্বর জারি করা পানিসম্পদ পরিষদ গঠনের আদেশ বুধবার প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, পানি আইন অনুযায়ী সর্বোচ্চ নীতি নির্ধারণী এই পরিষদ পানি সম্পদের সমন্বিত উন্নয়ন, সুষ্ঠু ব্যবহার, নিরাপদ আহরণ, সুষম বণ্টন, সুরক্ষা ও সংরক্ষণের বিষয়ে নীতি-নির্ধারণ ও দিক নির্দেশনা দেবে।

এছাড়া পানি সম্পদ পরিকল্পনা সম্পর্কে দিক নির্দেশনা দেয়ার পাশাপাশি বিভিন্ন পরিকল্পনা অনুমোদন ও বাস্তবায়ন নিশ্চিত করবে এই পরিষদ।

পানি সম্পদ পরিষদে সদস্য হিসাবে অর্থ, কৃষি, পরিকল্পনা, এলজিআরডি, আইন, ভূমি, পররাষ্ট্র, মৎস্য ও প্রাণিসম্পদ, নৌপরিবহন এবং পরিবেশ ও বনমন্ত্রী ছাড়াও পানি সম্পদ প্রতিমন্ত্রীকে রাখা হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবও এই পরিষদে আছেন।

এছাড়া প্রধানমন্ত্রী মনোনীত সাত বিভাগ থেকে সাত সংসদ সদস্যের মধ্যে রয়েছেন- মো. মনোয়ার হোসেন চৌধুরী (রংপুর), সাধন চন্দ্র মজুমদার (রাজশাহী), মীর শওকত আলী বাদশা (খুলনা), ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ (বরিশাল), নিলুফার জাফর উল্লাহ (ঢাকা), এম এ মান্নান (সিলেট) ও বীর বাহাদুর উশৈ সিং (চট্টগ্রাম বিভাগ)।

ভূমি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি, পরিবেশ ও বন, স্থানীয় সরকার বিভাগ, পররাষ্ট্র ও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবকেও পরিষদের সদস্য করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক, যৌথ নদী কমিশনের সদস্য, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স এর প্রেসিডেন্টও সদস্য হিসেবে থাকবেন।

প্রধানমন্ত্রী মনোনীত তিনজন পানি বিশেষজ্ঞের মধ্যে সদস্য হিসাবে আছেন- আইডব্লিউএম’র নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, ওয়ারপোর সাবেক মহাপরিচালক এম এ কাসেম ও বুয়েটের নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের সাবেক অধ্যাপক আব্দুর রহিম। এনজিও প্রতিনিধি পিআরআইপি ট্রাস্টের নির্বাহী পরিচালক অ্যারোমা দত্তও এই পরিষদে সদস্য হিসাবে আছেন।

পানি সম্পদ পরিষদের মনোনীত সদস্যদের মেয়াদ করা হয়েছে দুই বছর।

কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব।

মন্ত্রিসভা বৈঠকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের পর গত ২৮ এপ্রিল ‘বাংলাদেশ পানি বিল-২০১৩’ সংসদে পাস হয়। এরপর গত ২ মে আইনটি গেজেট আকারে জারি করা হয়েছে।