২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়শিয়াগামীদের জন্য ওয়ান স্টপ সেন্টার

ঢাকায় নিজস্ব উদ্যোগে ওয়ান স্টপ সেন্টার (ওএসসি) স্থাপন করে সেখান থেকে বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা সরবরাহের উদ্যোগ নিয়েছে মালয়শিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 09:23 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

আগামী ১ অক্টোবর থেকে নতুন এই প্রক্রিয়া চালু হবে বলে মালয়শিয়ার অভিবাসন বিভাগের উদ্ধৃতি দিয়ে দেশটির দৈনিক ‘দি স্টার’ জানিয়েছে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক এলিয়াস আহমেদ বলেন, ভুয়া ভিসার প্রবণতা বেড়ে যাওয়ায় তা কমানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

বর্তমানে কিছু সংস্থার (এজেন্সি) মাধ্যমে মালয়শিয়ায় ভ্রমণ ভিসা সরবরাহ করা হচ্ছে, যা পর্যবেক্ষণ করা মালয়শিয়ার সরকারের জন্য খুব কষ্টসাধ্য।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে প্রায় চারশ’ বাংলাদেশি আটকের মধ্যে এই পদক্ষেপ নিয়েছে কুয়ালালামপুর।

তবে মালশিয়ায় চাকরিপ্রার্থীদের ভিসার নিয়ম অপরিবর্তিত থাকবে বলে জানান এলিয়াস।

ওয়ান স্টপ সেন্টারের (ওএসসি) সঙ্গে মালয়শিয়ার যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পথের অভিবাসন দপ্তরের সংযোগ থাকবে।

ভ্রমণেচ্ছুদের ফিরতি বিমান টিকিট, হোটেল বুকিংসহ অন্যান্য সব শর্ত পূরণ হয়েছে কি না, তা নিশ্চিত করবে ওএসসি।

স্টার জানায়, এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে ৬ হাজার ১৩৬ জন ভ্রমণেচ্ছুকে ভুয়া ভিসা ও পাসপোর্টের কারণে ফেরত পাঠানো হয়েছে।

এদের অধিকাংশই দীর্ঘদিন অবস্থানের জন্য অথবা চাকরির আশায় মালয়শিয়ায় যায় বলে দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে।

“তাদের মধ্যে আবার অনেকে থাকে সত্যিকারেই ভ্রমণেচ্ছু। তবে ভুয়া সিন্ডিকেট খপ্পরে পড়ে তারা প্রতারিত হয়।”