কক্সবাজার খাদ্য গুদামে ‘অনিয়ম’ পেয়েছে দুদক
কক্সবাজার সরকারি খাদ্য গুদামে ‘অনিয়ম’ পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার বিকাল ৩টার দিকে দুদকের চট্টগ্রাম বিভাগের তিন কর্মকর্তা ৫টি খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান।
পরিদর্শন দলে ছিলেন দুদক চট্টগ্রাম বিভাগের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, দুদক সজেকা-২ এর উপ-পরিচালক মোশারব হোসেইন মৃধা, উপ-সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার।
দুদক বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া জানান, সদর উপজেলার খাদ্য কর্মকর্তা কাজি হাশেম ও সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আয়ুব আলীর উপস্থিতিতে এ তদন্ত চালানো হয়।
“গুদামে ৮ হাজার ৪৯১ বস্তা চাল অতিরিক্ত পাওয়া গেছে। যার ওজন প্রায় সাড়ে চারশ মেট্টিক টন। এ চাল কেন মজুদ রয়েছে এটা তদন্ত করে দেখা হবে।
“এছাড়া দুদক দল চালের বস্তায় ওজনের কারচুপি পেয়েছে। কোন বস্তায় ৪৫ কেজি, কোন বস্তায় ৫০ কেজি আবার অনেক বস্তায় ৬৫ কেজি চাল পাওয়া গেছে। অনেক বস্তার মুখ খোলা রয়েছে।”
এ ব্যাপারে কক্সবাজার সদর খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ আয়ুব আলী অতিরিক্ত চাল মজুদের সত্যতা স্বীকার করে জানান, প্রাকৃতিক দুর্যোগ ও হরতালের কারণে এ সব চাল ঠিকাদাররা নিয়ে যেতে পারেননি।
এ ব্যাপারে সংবাদ প্রকাশ না করার জন্য আয়ুব আলী সাংবাদিকদের অনুরোধ জানান।
