২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্ক চেয়ারম্যান জেসমিনের জামিন বহাল

হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হল-মার্ক চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বহাল রাখার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 06:19 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল বুধবার সকালে এ আদেশ দেন।

জেসমিনের আইনজীবী কাজী নজিবুল্লাহ হীরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেসমিন ইসলামকে শর্ত সাপেক্ষে এক মাসের জামিন দিয়েছিলেন এই  আদালত। প্রত্যেক মাসে তাকে ১০০ কোটি টাকা জমার নির্দেশও দেয়া হয়েছিল।

“কিন্তু এর আগেই দুদক উচ্চ আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করে। পরে হাইকোর্ট তার জামিন কেন বাতিল হবে না- তা জানতে চেয়ে একটি রুল জারি করে। ওই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকার জ্যেষ্ঠ বিশেষ  জজ কোনো আদেশই দিতে পারবেন না।”

দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদক যদি হাইকোর্টে এই রিট আবেদন না করত, তাহলে আজই (বুধবার) জেসমিন ইসলামের জামিন আবেদন বাতিল হতো। কারণ তিনি আদালতে দেয়া শর্তানুযায়ী টাকা জমা দেননি।

মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১০ অক্টোবর ধার্য করা হয়েছে।