‘অবমাননার’ প্রতিবেদন প্রকাশ না করতে দুই দৈনিককে নির্দেশ
আশিয়ান সিটির সাবেক এক কর্মীকে জড়িয়ে ‘অবমাননাকর খবর’ প্রকাশের অভিযোগ ওঠায় দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক ইত্তেফাক এবং আবাসন নির্মাতা ওই প্রতিষ্ঠানকে এ ধরনের প্রতিবেদন বা বিজ্ঞাপন প্রকাশ না করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
আদেশে দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক ও প্রকাশক এবং আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম ভূঁইয়ার উপর ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।
ওই পাঁচজনের পাশাপাশি রিটে আইন সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, প্রেস ইনস্টিটিউট, প্রেসক্লাব, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বনানী থানার ওসিকেও বিবাদি করা হয়েছে।
রিটে বলা হয়েছে, আশিয়ান সিটি কর্তৃপক্ষ নিজস্ব মালিকানাধীন দৈনিক মানবকণ্ঠের পাশাপাশি বিভিন্ন দৈনিকে নারীর জন্য অবমাননাকর বিজ্ঞাপন প্রকাশ ও প্রচার করেছে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী সকালে রিট আবেদনটি দায়ের করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকে ফাওজিয়া করিম ফিরোজ। সঙ্গে ছিলেন আইনজীবী রেহানা সুলতানা।
রিটে বলা হয়, ১৯৯৩ সালে সাংবাদিকদের আচরণবিধি তৈরি করা হলেও এর কোনো কার্যকারিতা নেই। ওই বিধি কার্যকর করতে প্রয়োজনীয় আইন বা গাইডলাইন না থাকায় গণমাধ্যমে বেপরোয়াভাবে অবমাননাকর ও অপবাদমূলক খবর প্রকাশিত হচ্ছে।
“এতে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। সম্মানের সঙ্গে অনেকে বাঁচতে পারছেন না। অথচ বাংলাদেশের সংবিধানের ৪৩ অনুচ্ছেদে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার দেয়া হয়েছে।”’
দৈনিক যুগান্তর, নয়া দিগন্ত ও ইত্তেফাকে প্রকাশিত আশিয়ান সিটির সেই বিজ্ঞাপন রিটে যুক্ত করে দেয়া হয়। ‘‘কেলেঙ্কারি ঢাকতে নির্যাতিতার পরিচয় ছবি দিয়ে আশিয়ানের অনৈতিক বিজ্ঞাপন’’ শিরোনামে কালেরকণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদনও সঙ্গে দেয়া হয়।
এছাড়া মেয়েটির নাম উল্লেখ করে ‘‘প্রতারক ও ইন্ধনদাতা কুচক্রী মহল থেকে সাবধান’ শিরোনামে মানবকণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদনও জমা দেন রিটকারী।
আশিয়ান গ্রুপের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের সাবেক এক নারী কর্মীকে দিয়ে একটি মহল মিথ্যা মামলা দাযের করিয়ে আশিয়ানের মালিক ও কর্মকর্তাদের হয়রানির চেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করা হয় মানবেকণ্ঠের ওই প্রতিবেদনে।
অন্যদিকে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালেরকণ্ঠের প্রতিবেদনে বলা হয়, আশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেই নারী কর্মীরা শ্লীলতাহানির চেষ্টা করেন এবং নিজের ‘কুকীর্তি আড়াল করতে’ ওই নারীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন।
রিট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট একটি রুলও জারি করেছে। গণমাধ্যমে নারী ও শিশুদের নিয়ে অবমাননাকর ও অগ্রহণযোগ্য সংবাদ প্রকাশ না করতে গাইড লাইন প্রণয়নে আইন সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, প্রেস ইনস্টিটিউট, প্রেস ক্লাব কর্তৃপক্ষকে হাই কোর্টে আসার নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে ওই রুলে।
পাশাপাশি মানবকণ্ঠ ও ইত্তেফাকের সম্পাদক ও প্রকাশক এবং আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলামকে অবমাননাকর প্রতিবেদন ও বিজ্ঞাপন প্রকাশে বিরত রাখতে কেন নির্দেশ দেয়া হবে না- তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
