হাতিয়ায় আরো এক ‘জলদস্যুর’ মৃত্যু
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আরো এক জলদস্যুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জলদস্যু দমন অভিযানে সাত জনের মৃত্যু হল।
বুধবার দুপুরে হাতিয়া উপজেলা হাকিমের হাজতখানা থেকে জেলা কারাগারে আনার পথে ইউসুফ বেপারীর (৪৫) মৃত্যু হয়।
ইউসুফ বুড়িরচর ইউনিয়নের কালির চরের শাহাদাত হোসেনের ছেলে।
পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান জানান, গত ২৭ অগাস্ট থেকে হাতিয়ার বিভিন্ন চরে গনপিটুনিতে আহত ৭ জলদস্যুকে আটক করে উপজেলার হাকিমের জেলখানায় রাখা হয়।
দুপুরে সি-ট্রাকে করে তাদেরকে জেলা সদরে আনার পথে চেয়ারম্যান ঘাটে ইউসুফ ব্যাপারী অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসপি।
