‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে’
সংবিধান অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
বুধবার সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে তিনি সাংবাদিকের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আগামী অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন সম্পন্ন করবে স্বাধীন নির্বাচন কমিশন, যারা গত সাড়ে চার বছরে সুষ্ঠুভাবে অনেক নির্বাচন সম্পন্ন করেছে।
ওই সময়ের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে ছোট আকারে মন্ত্রিপরিষদ থাকবে, কিন্তু তারা গুরুত্বপূর্ণ সিদ্বান্ত নিতে পারবেন না। দৈনন্দিন কাজ করবেন।
ভারত, শ্রীলংকা, ব্রিটেনসহ উন্নত দেশগুলোর মতোই এ দেশে আগামী নির্বাচন হবে।
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদল আন্দোলনের ট্রেন তৈরিতে ব্যর্থ হয়েছে। এখন আর আন্দোলনের সময় নেই।
“বাঙালি জাতি এখন নির্বাচনের প্রতীক্ষায় আছে,” বলেন তিনি।
তিনি বলেন, “আগামী ১২ সেপ্টেম্বর সংসদ অধিবেশন বসবে। আমরা আশা করছি ওই অধিবেশনে যোগ দিয়ে বিরোধীদল অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা দেবেন।”
এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, মহিলা আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরী, হাবিবে মিল্লাত মুন্না, লুৎফর রহমান দিলু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
