আনুষ্ঠানিকতা হলেও আমদানি-রপ্তানি শুরু হয়নি সোনাহাটে
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আমদানি-রপ্তানি এখনো শুরু হয়নি।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে রংপুর বিভাগীয় কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুল হক বন্দর কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে এনামুল হক জানান, বন্দরের কার্যক্রম শুরুর বিষয়ে ভারতের সোনাহাট বিএসএফ ক্যাম্পে দেশটির সরকারের পক্ষ থেকে অনুমোদন সংক্রান্ত কোনো চিঠি আসেনি।
“আজ বা কালকের মধ্যে অনুমোদনের কাগজটি আসলেই দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়ে যাবে বলে আশা করছি,” বলেন তিনি।
তবে কবে থেকে শুরু হবে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
সকালে কুড়িগ্রামের জেলা প্রশাসক এবিএম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সচিব কাজী মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশ অনুযায়ী সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর, কয়লা, তাজা ফল, ভুট্টা, গম, চাল, ডাল, রসুন, আদা ও পেঁয়াজ আমদানি এবং সব ধরনের পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।
গত বছরের ২৫ অক্টোবর সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সোনাহাট শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা দেয়া হয়।
এরপর ১৭ নভেম্বর কুড়িগ্রামের শুল্ক স্টেশনটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে। নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান ভুরুঙ্গামারী উপজেলার বানুরকুঠিতে ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
জেলা প্রশাসক আরো বলেন, স্থলবন্দরের অবকাঠামো নির্মাণের জন্য ১৫ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে।
