২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শিবিরের গাড়ি ভাংচুর, আটক ৮

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের ভোটাধিকার বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর এলিফেন্ট রোড ও মহাখালীতে ঝটিকা মিছিল নিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 11:11 AM

Updated : 25 Apr 2022, 07:12 PM

এ সময় বাটা সিগন্যাল ও তেজগাঁও শিল্প এলাকা থেকে আট শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল পৌনে ১০টার দিকে বিভিন্ন গলি থেকে ৫০-৬০ জন শিবিরকর্মী এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের কাছে জড়ো হয় এবং মিছিল বের করে। এক পর্যায়ে তারা কয়েকটি যানহানে ঢিল ছোড়ে এবং কাচ ভাংচুর করে। এ সময় কয়েকটি হাতবোমাও ফাটানো হয়।

পরে পুলিশ ধাওয়া দিলে জামায়াত-শিবির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে রমনা পুলিশের উপ কমিশনার মারুফ হোসেন সরদার জানান। 

এ সময় চারজনকে আটক করার কথা জানালেও তাদের নাম জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

এদিকে কাছাকাছি সময়ে মহাখালী এলাকোতেও মিছিল নিয়ে গাড়ি ভাংচুরের চেষ্টা করে শিবিরকর্মীরা।

মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, জামায়াত-শিবির কর্মীরা মহাখালীর আমতলী এলাকা থেকে মিছিল করে তেজগাঁও শিল্প এলাকার দিকে যাওয়ার সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় চারজনকে আটক করা হয় বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল নিয়ে যাওয়ার সময় শিবিরকর্মীরা মহাখালী মোড়ের কাছে গাড়ি ভাংচুরের চেষ্টা করে। এ সময় হুড়োহুড়িতে আতঙ্ক সৃষ্টি হয়। 

মন্ত্রিসভা একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের নাম ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় বুধবার সারাদেশে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার জামায়াতের এক বিবৃতিতে বলা হয়, নির্বাচন থেকে বিরত রাখতেই জামায়াতের শীর্ষ নেতাদের ভোটার তালিকা থেকে বাদ দেয়ার এই পদক্ষেপ।

চলতি বছরের শুরুতে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের রায় আসা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্নস্থানে ব্যাপক সহিংসতা চালিয়ে আসছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটি।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত জাময়াত নেতা গোলাম আযম, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, মো. কামারুজ্জামান ও আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের মধ্যে শেষ ব্যক্তি ছাড়া সবাই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

আইন সংশোধনের পর আপিল বিভাগে ট্রাইব্যুনালের রায় বহাল থাকলে তাদের আর ভোটাধিকার থাকবে না।

পুরনো খবর:

‘বাতিলের’ প্রতিবাদ জামায়াতের, বুধবার বিক্ষোভ
ভোটাধিকার থাকছে না দণ্ডিত যুদ্ধাপরাধীদের