ফেনীতে ছয় হাজার পঁচা ডিম
ফেনীতে ছয় হাজার পঁচা ডিম উদ্ধারের পর ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার মধ্যরাতের পর র্যাবের অভিযানে আটক করা এসব পঁচা ডিম ধ্বংসের নির্দেশ দেয়ার পাশাপাশি কারখানার দুই কর্মচারীকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ জেড এম শরিফ হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ ইমরান (২৫) ও মোহাম্মদ খোকন (৪০)।
তাদের দুজনকে মঙ্গলবার সকালে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফেনী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, গোপন সংবাদ পেয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের প্যারাগন হ্যাচারি থেকে আসা পঁচা ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করা হয়। এতে প্রায় পাঁচ হাজার পঁচা ডিম দেখতে পায়।
“চালকের তথ্যনুযায়ী পঁচা ডিমগুলি ফেনীর রামপুর এলাকায় আর এফ ফুড প্রোডাক্ট নামে একটি বেকারি কারখানার জন্য নেয়া হচ্ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে আরও প্রায় এক হাজার পঁচা ডিম উদ্ধার করা হয়।”
তবে কারখানার মালিক আবদুর রহিম ছুট্টু পালিয়ে যায়।
