বগুড়ায় বিসিক কর্মকর্তার আত্মহত্যা
চাকরি জীবনে কোন ‘পদোন্নতি’ না পেয়ে বগুড়া বিসিকের এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ২টায় বিসিকের গেস্ট হাউজ থেকে রেজাউল করিমের (৫৫) লাশ উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, লাশ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে।
“সেখানে লেখা, দীর্ঘ ২৭ বছর চাকরি জীবনে আমার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকার পরেও পদন্নোতি হয়নি। এ কারণে পারিবারিক ও সামাজিকভাবে অস্বস্তিতে ভুগছি।
“আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।”
রেজাউলের সহকর্মীরা জানিয়েছেন, সকালে তিনি অফিসে না আসায় গেস্ট হাউজে খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা বন্ধ পাওয়া যায়।
পরে অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে দরজা ভেঙ্গে দেখা যায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রেজাউল করিমের মৃতদেহ ঝুলছে।
বগুড়া সদর থানায় খবর দেয়া হলে দুপুর ২টায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
রেজাউল বগুড়া জেলার গাবতলী উপজেলার উজগ্রাম নাংলু গ্রামের মৃত নজীব উদ্দিনের ছেলে।
