চট্টগ্রামে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যান-১ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।
অভিযুক্ত মোস্তাফিজুর রহমান (২৩) সাতকানিয়া উপজেলার ছদহা গ্রামের মো. ইউসুফের ছেলে।
ট্রাইবুন্যালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।
আগামী ছয় মাসের মধ্যে আসামির সম্পদ থেকে এ টাকা সংগ্রহ করে ধর্ষিতাকে আদায় করে দেয়ার জন্য রায়ে বলা হয়েছে।
পিপি চন্দন বলেন, গত বছরের ২৬ জুন ধর্ষিতা নিজে বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেন। একই বছরের ২৯ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং ১৩ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
দণ্ডাদেশপ্রাপ্ত মোস্তাফিজুর রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
