২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজহারের বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ

একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 04:31 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

আগামী রোববার অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার‌্য করেছে বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার আজাহারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ছয় অভিযোগের বর্ণণা উপস্থাপন করেন প্রসিকিউটর একেএম সাইফুল ইসলাম।

‘আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩’র বিভিন্ন ধারা অনুযায়ী সংঘঠিত অপরাধগুলোর ধরনও ব্যাখ্যা করেন তিনি।

শুনানিতে অভিযোগগুলোতে সংশ্লিষ্ট সাক্ষীর সংখ্যাও তুলে ধরেন। এ মামলায় জব্দ তালিকার সাক্ষী ও তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৩৪ জন সাক্ষী রয়েছে বলে উল্লেখ করেন প্রসিকিউটর।

শুনানির শেষাংশে এটিএম আজহারের বিরুদ্ধে অভিযোগগুলোর মানবতাবিরোধী অপরাধের, উল্লেখ করে সঠিক ও ন্যায় বিচারের আবেদন জানান প্রসিকিউটর নুরজাহান বেগম মুক্তা।

প্রসিকিউশনের শুনানি শেষ হলে আসামিপক্ষকে শুনানি শুরু করার নির্দেশ দেন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর।

তবে শুনানির প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময়ের আবেদন জানান আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম।

তখন বিচারপতি ফজলে কবীর বলেন, “আপনাদের অনেক সময় দেয়া হয়েছে, আর দেয়া যাবে না। আপনাদের দেয়া সময় আপনারা কাজে লাগান না।”

তাজুল ইসলাম বলেন, “আমরা দুই ট্রাইব্যুনাল মিলিয়ে একসঙ্গে কয়েকটি মামলার কাজে যুক্ত আছি। এজন্য প্রস্তুতিতে কিছুটা সময় প্রয়োজন।”

এরপর আগামী রোববার পর‌্যন্ত সময় দেয়া হয় আসামি পক্ষকে।

প্রসিকিউটর সাইফুল ও মুক্তা গত ১৮ জুলাই ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এর মধ্যে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের ঘটনাও রয়েছে।

সেদিন প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, রংপুর অঞ্চলে ১ হাজার ২২৫ ব্যক্তিকে হত্যা, চারজনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও নির্যাতন এবং শতশত বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগ আনা হয়েছে জামায়াতের এই নেতার বিরুদ্ধে।

আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, আজহার তখন রংপুরের কারমাইকেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং জামায়াতের তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের রংপুর শাখার সভাপতি। জেলার আলবদর বাহিনীরও নেতৃত্বে ছিলেন তিনি।

আজহার পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র ও তা বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত থেকে অপরাধ সংঘটন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

২০১২ সালের ১৫ এপ্রিল থেকে এটিএম আজহারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ সময় ৬০ জনেরও বেশি ব্যক্তির বক্তব্য শোনেন তদন্ত কর্মকর্তারা। তবে প্রতিবেদনে তারা সাক্ষী করেছেন ২৭ জনকে।

গতবছর ২২ অগাস্ট মগবাজারের বাসা থেকে এটিএম আজহারকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।