নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৫
কারখানা চালুসহ কয়েকটি দাবিতে নারায়ণগঞ্জের একটি সোয়েটার কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সভাপতি মন্টু ঘোষসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার শহরের চাষাঢ়ায় রপ্তানিমুখী ফুজি নিটওয়্যার সোয়েটার কারখানা শ্রমিকদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়।
এ সময় পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানা চালুর দাবিতে দুপুর ১টার দিকে শহীদ মিনারে সমাবেশ শেষে শ্রমিকরা মিছিল বের করে। তারা মিছিলের এক পর্যায়ে চাষাঢ়া গোল চত্বরে শুয়ে পড়ে সড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ তাদেরকে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে ব্যর্থ হয়। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার জন্য পুলিশ লাঠিপেটা করলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়।
সংঘর্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্টু ঘোষ, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম ও গণসংহতি আন্দোলনের নেতা অমল আকাশ ও অঞ্জন দাসসহ ২৫ জন আহত হয়েছে।
গত ২৭ অগাস্ট বন্ধ কারখানাটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গণসংহতি আন্দোলনের জেলার আহবায়ক তরিকুল সুজন অভিযোগ করেন, বিকেএমইএ এর একজন নেতার নির্দেশে পুলিশে বিনা উস্কানিতে তাদেরকে লাঠিপেটা করেছে।
কারখানার মালিকপক্ষ অযৌক্তিকভাবে শ্রমিক ছাঁটাই করে শ্রম আইনের ২০ ধারায় কারখানা বন্ধ ঘোষণা করেছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, “কারখানা বন্ধ করতে হলে শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী সকল পাওনা পরিশোধ করতে হবে।”
তবে ফুজি নিটওয়্যারের পরিচালক দেলোয়ার হোসেন দাবি করেন, তারা শ্রম আইনের ২০ ধারায় অনুযায়ী শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করে কারখানা বন্ধ ঘোষণা করেছেন।
কতিপয় বহিরাগত শ্রমিক নেতা অযৌক্তিক ও অন্যায়ভাবে আন্দোলন করছে বলেও অভিযোগ করেন তিনি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ মৃদু লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে।
