ভারতে কারাভোগ করে ফিরলেন ৪২ তরুণী
ভারতে অনুপ্রবেশের জন্য তিন বছর সাজা কাটিয়ে দেশে ফিরেছেন ৪৫ জন বাংলাদেশি, এর মধ্যে ৪২ জনই তরুণী।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সোমবার রাতে এদের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশের হাতে এদের হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (ওসি) কামরুজ্জামান জানান, ৪২ তরুণী ছাড়া অন্য তিনজনের মধ্যে দুজন শিশু ও একজন যুবক।
যশোরের মানবাধিকার সংগঠন ‘রাইটস’ এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা এবং ‘বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি’র যৌথ উদ্যোগে ফেরত আনা এই তরুনীদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়া হবে।
ওসি কামরুজ্জামান বলেন, দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সময় এরা অবৈধ পথে ভারতে পাচার হয়ে যায়। পরে মুম্বাই শহরে গিয়ে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেশটির আদালত তাদের তিন বছর কারাদণ্ড দেয়।
সাজার মেয়াদ শেষে মুম্বাই শহরের ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা।
পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে ভারতের দেয়া বিশেষ ‘ট্রাভেল পারমিট’র মাধ্যমে এরা দেশে ফিরে আসেন।
