সরকারি ডাটাবেইজ থেকে জনশক্তি নিয়োগের বিধান স্থগিত
সরকারি ডাটাবেইজ থেকে জনশক্তি নির্বাচন ও নিয়োগের বিধান করে জারি করা দুটি সার্কুলারের কার্যক্রম স্থগিত করে দিয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ তিন মাসের জন্য এই স্থগিতাদেশ দেয়।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন এএফএম মেজবাহ উদ্দিন। তাকে সহায়তা করেন আইনজীবী মোহাম্মদ হোসেন।
কয়েক মাস আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দুটি সার্কুলার জারি করে।
গত ২৮ মার্চ জারি করা প্রথম সার্কুলারে সরকারি ডাটাবেইজের বাইরে অন্য ডাটাবেইজ থেকে জনশক্তি নিয়োগ নিষিদ্ধ করা হয়। ০৭ এপ্রিল জারি করা দ্বিতীয় সার্কুলারে সরকারি ডাটাবেইজ থেকে জনশক্তি নির্বাচনের বিধান করা হয়।
এই দুই সার্কুলার জারির বৈধতা চ্যালেঞ্জ করে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি মো. শাহজালাল মজুমদার সোমবার সকালে হাই কোর্টে রিট আবেদন করেন।
প্রাথমিক শুনানি করে আদালত ওই দুই সার্কুলারের কার্যক্রম তিন মাসের মধ্যে স্থগিত করে দেয়। রুলে ওই দুই সার্কুলারের কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিবসহ অন্য বিবাদিদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
