নিজামীকে অন্য আদালতে হাজির না করার নির্দেশ
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধের মামলার বিচারের গতি আনতে তাকে অন্য মামলায় অন্য কোনো আদালতে না নেয়ার নির্দেশ এসেছে।
বিচারপতি এটিএম ফজলে কবির নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার কারা কর্তৃপক্ষকে এই নির্দেশ দিয়েছে।
ওই আদালতেই জামায়াত আমিরের বিরুদ্ধে মামলার বিচার চলছে। তার সঙ্গে গ্রেপ্তার জামায়াতের অন্য নেতাদের মামলার রায় ইতোমধ্যে হয়ে গেছে।
এই মামলার প্রসিকিউটর মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, “মামলার কাযর্ক্রম দ্রুত শেষ করার জন্যই ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দিয়েছেন।”
ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, আগামী ৮ সেপ্টেম্বর থেকে প্রতিটি কার্যদিবসে নিজামীর মামলার কাযর্ক্রম চলবে।
উভয় পক্ষের আইনজীবীদের প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছে আদালত।
যুদ্ধাপরাধে আটক নিজামী চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র আটক মামলারও আসামি। সেই মামলার বিচার চট্টগ্রামের আদালতে চলছে।
সোমবার ট্রাইব্যুনালে নিজামীর মামলায় সাক্ষ্য দেন প্রসিকিউশনের ১৯তম সাক্ষী আবু সামা ফকির।
তিনি জানান, ১৯৭১ সালের ২৮ এপ্রিল পাবনার সাঁথিয়া থানার দিক থেকে আসা পাকিস্তানি সেনাবাহিনীর একটি গাড়িতে সেনা কর্মকর্তাদের পাশে নিজামীকে বসে থাকতে দেখেন তিনি।
নিজামী পাবনার সাঁথিয়ার সাবেক সংসদ সদস্য। বিএনপি-জামায়াত জোট সরকারের প্রথমে কৃষি এবং পরে শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
আবু সামা বলেন, পাকিস্তানি সেনাদের গাড়ি দেখে রাস্তার পাশের একটি ঝোঁপে লুকিয়ে পড়েন তিনি এবং সেখান থেকেই তিনি একটি হত্যাকাণ্ডের দৃশ্য দেখেন।
“হাবিবুর রহমান ও আক্কাস নামের দুজন রাস্তা দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর গাড়ি দেখে দৌড়ে একটি তেঁতুল গাছের পেছনে লুকিয়ে পড়ে।
“গাড়িটি ওই তেঁতুল গাছের পাশে এসে থামে। তখন নিজামী সাহেব তার পাশে বসা আর্মি অফিসারকে ইশারায় কী যেন বলে। তখন গাড়ি থেকে দুজন আর্মি নেমে তেঁতুল গাছের পাশে লুকিয়ে থাকা হাবিবুর ও আক্কাসকে গুলি চালিয়ে হত্যা করে।”
১৯৭১ সালের ৮ মে করমজা গ্রামে গণহত্যারও প্রত্যক্ষদর্শী আবু সামা।
“করমজা গ্রামে গিয়ে মেঘাঠাকুরের বাড়ির পূজার ঘরের পাশে মেঘাঠাকুর, দ্বিজুঠাকুর, মুরালী মালি ও ফকির চাঁদসহ মোট নয়জনকে রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখি। এদের পেটে, বুকে অজস্র গুলির ফুটো এবং কারো কারো মাথার খুলি উড়ে গিয়েছিল।”
মেঘাঠাকুরের মেয়ে ও ছেলের বউকে পাকিস্তানি পাকিস্তানি সৈন্য ও রাজাকাররা ধর্ষণ করে বলেও সেখানে গিয়ে জানতে পারেন এই সাক্ষী।
“উপস্থিত লোকজনের মধ্যে আনসার আলী ও শফিকসহ অন্যান্যদের কাছে জানতে পারি, মতিউর রহমান নিজামী, রফিবুন্নবী বাবলু, আফজাল, আসাদ, শুকুর খান গং আর্মিদের পথ দেখিয়ে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে।”
সাক্ষ্য শেষে আবু সামাকে জেরা শুরু করেন নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম। পরে জেরা অসমাপ্ত অবস্থায় শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।
মতিউর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে করা এক মামলায় ২০১০ সালের ২৯ জুন তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক দেখানো হয়।
