২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধোবাউড়ায় আ. লীগের হরতাল মঙ্গলবার

ময়মনসিংহে ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান নিহতের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ হরতাল ডেকেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 04:56 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

দলের নেতারা জানান, মঙ্গলবার উপজেলা সদরে সকাল-সন্ধ্যা হরতাল হবে এবং সোমবার থেকে তিনদিন শোক পালন করা হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান সোমবার দুপুরে সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন।

রোববার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন ওরফে পাহাড়ী সেলিম নিহত হন।

ধোবাউড়া থানার ওসি আব্দুল হক সাংবাদিকদের জানান, এ ঘটনায় পুলিশ ও র‌্যাব ছয় জনকে পুলিশ আটক করেছে। সহিংসতার আশঙ্কায় ধোবাউড়া উপজেলা সদরে ১৪৪ ধারা বহাল রেখেছে স্থানীয় প্রশাসন।

এছাড়া এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আটকরা হলেন মিলন (১৮), মুরাদ (২০), আব্দুল জলিল (২৮), ইদ্রিস (৩৭), আল আমিন (১৯) ও ইমরান (২৪)।

কোতোয়ালি মডেল থানার এসআই ফখর উদ্দিন জানান, সোমবার বেলা ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে ফুরকান উদ্দিন সেলিমের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এরপর নিয়ে যাওয়া হয় শহরের বাঘমারা এলাকায়। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ আনা হয় বড়মসজিদ প্রাঙ্গণে। এখানে তার প্রথম নামাজে জানাজা হয়। বেলা ২টার দিকে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে ধোবাউড়া চলে যান।