১২ সেপ্টেম্বর থেকে ঢাবির ভর্তি প্রক্রিয়া শুরু
আগামী ১২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে সম্মান শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ভর্তি কমিটির এক সাধারণ সভায় গত বছরের নিয়মেই এবারের ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০১২-১৩ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্ত্বীর্ণরা ৩৫০ টাকা ফি (ব্যাংক+অনলাইন সার্ভিসসহ) জমা দিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয় ছাড়া) জিপিএ’র যোগফল ন্যূনতম ৮, ‘খ’ ইউনিটে (কলা অনুষদ) ন্যূনতম ৭, ‘গ’ ইউনিটে (ব্যবসা প্রশাসন অনুষদ) ন্যূনতম ৭.৫ থাকতে হবে।
বিভাগ পরিবর্তনের জন্য ‘ঘ’ ইউনিটে মানবিক শাখার ক্ষেত্রে জিপিএ’র যোগফল ন্যূনতম ৭, বিজ্ঞান শাখার ক্ষেত্রে ন্যূনতম ৮ এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ন্যূনতম ৭.৫ থাকতে হবে।
এছাড়াও ঘ ইউনিটে আবেদনের জন্য ভর্তিচ্ছুদের উচচ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে সম্মিলিতভাবে ন্যূনতম জিপিএম ৬ পয়েন্ট থাকতে হবে। কোন বিষয়ে জিপিএ- ৩ এর নিচে পেলে ভর্তি পরীক্ষায় অংশ নেয়া যাবে না।
‘চ’ ইউনিটের (চারুকলা) ভর্তিচ্ছুদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয় ছাড়া) জিপিএ’র যোগফল ন্যূনতম ৬.৫ থাকতে হবে।
জিসিই লেভেল ও ক্যামব্রিজ প্রার্থীদের ‘ও’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় ন্যূনতম ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড পেতে হবে।
সূচি অনুযায়ী, ১ নভেম্বর শুক্রবার ‘ঘ’ ইউনিট, ৮ নভেম্বর শুক্রবার ‘খ’ ইউনিট, ১৫ নভেম্বর শুক্রবার ‘গ’, ২২ নভেম্বর শুক্রবার ‘ক’ ইউনিট এবং ২৩ নভেম্বর শনিবার ‘চ’ ইউনিটের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
গত বছর এই পাঁচ ইউনিট সব মিলিয়ে মোট ৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন।
