২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নরম দেখলেই বিদেশিরা কথা বলে’

বাংলাদেশের নির্বাচনসহ নানা বিষয়ে কূটনীতিকদের প্রতিক্রিয়া জানানোর প্রেক্ষাপটে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘নরম’ দেখলেই বিদেশিরা কথা বলে বলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 11:06 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

রোববার বাংলাদেশ শান্তি পরিষদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনু্ষ্ঠানে বর্ষীয়ন এই রাজনীতিক একথা বলেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, “আগে ছিল দুইকেন্দ্রিক বিশ্ব। তখন একজন ধমক দিলে আরেকজন পাল্টা ধমক দিত। সেখান থেকে এখন বিশ্ব এককেন্দ্রিক হয়েছে।

“তখন আজকের (এককেন্দ্রিক বিশ্বের) নেতারা বলতেন, এককেন্দ্রিক বিশ্বে আমাদেরকে ভালো রাখবেন, শান্তি দেবেন। কিন্তু সেটা আর হয়নি।”

“এখন তারা যে কোনো দেশের যে কোনো কিছু নিয়ে কথা বলে। কেউ বলে না, এটাতো আমার অভ্যন্তরীণ বিষয়। নরম দেখলেই কথা বলে আর কী।”

এই ক্ষেত্রে উপমহাদেশের প্রেক্ষাপট ব্যাখ্যা করে সুরঞ্জিত বলেন, “আমাদের উপমহাদেশে চিত্র আরেক রকম। একদল রামুতে বৌদ্ধমন্দির ছারখার করে দিল, এর ওই পাশেই বার্মায় বৌদ্ধরাই সংখ্যাগরিষ্ঠ।

“এই দেশে হিন্দুদের মঠ-মন্দির-ঠাকুর ছারখার হয়। সীমান্তের ওই পাড়েই হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ।”

“ভারতে যারা হিন্দুত্ববাদের কথা বলে, তারা এখানে সেকুলারিজম এর কথা বলে। ভারতে যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা এখানে এসে ইসলামী শাসনতন্ত্র চায়।”

তিনি বলেন, রাজনীতিতে ধর্ম ব্যবহারের নজির আগে থেকে চললেও প্রগতিমনা মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধও করেছে।

বিশ্ব শান্তি পরিষদের সহ-সভাপতি ও বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনমন্ত্রী শফিক আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন প্রমুখ।