১১ দিন পর মাওয়ায় লঞ্চ চলাচল শুরু
১১ দিন বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌপথে সোমবার থেকে লঞ্চ চলাচল শুরু হচ্ছে।
রোববার বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যানের সঙ্গে তার কার্যালয়ে লঞ্চ মালিক সমিতির বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে রাত সাড়ে ৮টার দিকে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান খন্দকার সামসুদ্দোহা বলেন, ‘এমভি শাহ পরান’ লঞ্চ চলাচল নিয়ে এ রুটে সঙ্কট হয়েছিল, সে লঞ্চটিও তিন দিন পর থেকে চলাচল করবে।
লঞ্চ মালিক মো. ইকবাল হোসেন জানান, শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসাবে কয়েকটি লঞ্চের পারমিট বাতিলসহ নানান পদক্ষেপ বিধি মোতাবেক শিথিল করার সিদ্ধান্তও হয়েছে বৈঠকে।
গত ২২ অগাস্ট কাওড়াকান্দি ঘাট থেকে ‘এমভি শাহ পরান’ নামের লঞ্চটি মাওয়া ঘাটে যায়। এরপর মাওয়ার শ্রমিকরা লঞ্চটি ভাঙচুর করে আটকে রাখে।
এই ঘটনাকে কেন্দ্র করে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ চলাচলে অচলাবস্থা দেখা দেয়।
