সাতক্ষীরার শুভ হত্যা: বিএনপি নেতা জেলে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শিশু শুভ হত্যা মামলায় বিএনপি নেতা ও বুধহাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল হান্নানকে জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আকরাম হোসেন ইউপি চেয়ারম্যানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল মজিদ জানান, একটি চিংড়ি ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২০১০ সালের ১০ জুলাই অপহরণের পর আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে আমীর হামজা শুভকে (৬) হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পরদিন আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত পরে পুলিশের কাছ থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়।
তদন্তকারী কর্মকর্তা সিআইডির খুলনা রেঞ্জের উপ-পরিদর্শক খন্দকার মীরাজ হোসেন গত ২০ জুন বুধহাটা ইউপি চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নানসহ ২১ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর আদালত সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
রোববার আব্দুল হান্নান আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ মামলায় আব্দুল হান্নান দীর্ঘদিন উচ্চ আদালতের নির্দেশে জামিনে ছিলেন বলে জানান আইনজীবী।
