‘বেঁধে দেয়া সময়েই সংবাদকর্মীদের বেতন বৃদ্ধি’
সংবাদকর্মীদের বেতনভাতা বৃদ্ধির বিষয়ে সরকার বেঁধে দেয়া সময়েই গেজেট প্রকাশ করবে বলে আশা করছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
সংবাদকর্মীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য অষ্টম মজুরি বোর্ড গত ৩০ জুন সরকারের কাছে সুপারিশ করে।
সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে তা বাস্তবায়নের জন্য গত ৫ অগাস্ট ছয় সদস্যের একটি একটি কমিটি করে দেয় মন্ত্রিসভা। ওই কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে, যার মেয়াদ শেষ হবে বুধবার।
ইকবাল সোবহান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রিসভার বেঁধে দেয়া সময় অতিক্রম করার কোনো সুযোগ নেই। সাংবাদিক-কর্মচারীরা আশা করছে এ সময়ের মধ্যেই বেতন বৃদ্ধির গেজেট প্রকাশ করবে সরকার।”
শেখ হাসিনা নিজেও সংবাদকর্মীদের বেতনভাতা বৃদ্ধির পক্ষে বলে জানান প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী নিজেও চান, বেতন-ভাতা বৃদ্ধির মাধ্যমে সাংবাদিকদের জীবন-মান উন্নত হোক এবং পেশাগত জীবনেও তারা ভালো করুক। সেভাবেই তিনি কমিটিকে নির্দেশ দিয়েছেন।“
গত ৩০ জুন তথ্য মন্ত্রণালয় গঠিত অষ্টম মজুরি বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হক মন্ত্রণালয়ে তাদের সুপারিশ জমা দেন।
ওই সুপারিশে সংবাদপত্র ও সংবাদ সংস্থার কর্মীদের মূল বেতন আগের তুলনায় গড়ে ৭০ শতাংশ বৃদ্ধি এবং মূল বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য সুবিধা দেয়ার প্রস্তাব করা হয়।
মজুরি বোর্ডের সুপারিশের পর সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব নিজেদের অভিমত জানিয়ে আসছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোয়াব অভিযোগ করে, ওয়েজবোর্ডের চেয়ারম্যান তথ্যমন্ত্রীর কাছে কী উপস্থাপন করলেন, তার কিছুই তারা জানেন না।
তারা বলছেন, চূড়ান্ত প্রস্তাবগুলো তাদের জানানো হচ্ছে না। এতে করে ওয়েজবোর্ডের কোনো কার্যকারিতা থাকে না। এটা গ্রহণযোগ্য পদ্ধতিও নয়।
পাশাপাশি সংগঠনটি সরকারি বিজ্ঞাপনের মূল্য বৃদ্ধি, নিউজপ্রিন্ট আমদানির ওপর শুল্ক কমানোর মতো দাবি জানিয়েছে।
এ বিষয়ে ইকবাল সোবহান বলেন, “মজুরি বোর্ডে মালিক, সাংবাদিক, শ্রমিক সবারই প্রতিনিধি থাকেন। বোর্ডের চেয়ারম্যান সবার মতামত শুনে সুপারিশ করেন। এখানে সুপারিশ করার আগে কাউকে জানানোর কোনো সুযোগ নেই।”
নোয়াবের বিভিন্ন দাবির বিষয়ে তিনি বলেন, “প্রতিটা মজুরি বোর্ডের গেজেটের সময়ই সরকার সংবাদপত্র শিল্পের জন্য কিছু সুবিধা দেন। এবারের বোর্ডেও সে ধরনের সুপারিশ আছে।”
