‘দুই মাসের মধ্যে তামাক বিধি’
তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে দুই মাসের মধ্যে ‘তামাক বিধি’ প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব এস এম নিয়াজউদ্দিন মিঞা।
রোববার সকালে কক্সবাজারের একটি হোটেলে ‘টোব্যাকো কন্ট্রোল লিডারশিপ ট্রেইনিং’ শিরোনামে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
পাঁচ দিনব্যাপী এই কর্মশালার প্রথম দিনে সচিব আরো জানান, তামাক বিধির খসড়াও প্রায় শেষের দিকে।
গত ২৯ এপ্রিল ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০১৩ পাস হয়।
সংশোধিত আইনে বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ সতর্কবাণী প্রদান, সাদাপাতা, জর্দা, গুলসহ চর্বনযোগ্য তামাককেও আইনের অন্তর্ভুক্ত করা, পাবলিক প্লেস এর সংজ্ঞার পরিধি বৃদ্ধি করে রেস্তোরাঁ, বেসরকারি কর্মস্থলকে ধূমপানমুক্ত করা, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের দায়ে জরিমানার পরিমাণ বৃদ্ধি ও তামাক কোম্পানির পরোক্ষ ও প্রত্যক্ষ সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়।
গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ১৫ বছরের বেশি বয়স্ক জনগোষ্ঠীর ৪৩ দশমিক ৩ শতাংশ মানুষ তামাক ব্যবহার করে এবং ৬৩ শতাংশ মানুষ কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের শিকার হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৪ সালের প্রতিবেদন অনুযায়ী, তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে প্রতিবছর ৩০ বছরের ঊর্ধ্বে ৫৭ হাজার মানুষ মারা যায় এবং তিন লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে।
