চট্টগ্রামে সিমেন্ট কারখানায় শ্রমিকের লাশ
চট্টগ্রামে একটি সিমেন্ট কারখানা থেকে ‘নিখোঁজ’ এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) উত্তম চন্দ্র দেব জানান, রোববার সকালে কর্ণফুলী থানার ইছানগরে ‘ডায়মন্ড সিমেন্ট’ কারখানায় মো. আজিজুল হক (৪৫) নামের ওই শ্রমিকের লাশ পাওয়া যায়।
ডায়মন্ড সিমেন্টের ক্র্যাশিং সহকারী অপারেট আজিজুল গত ১৪ বছর ধরে ওই কারখানায় কাজ করে আসছিলেন। তার বাড়ি কর্ণফুলী থানার খোয়াজনগরে।
পুলিশ কর্মকর্তা উত্তম বলেন, কারখানার ক্লিংকার সাইলো আউটলেট মেশিনের শেষ প্রান্তে আজিজুলের দেহ পড়ে থাকতে দেখা যায়। ক্লিংকারের সাথে মিশে লাশটি পুরো কালো হয়ে গেছে। হাতে বা অন্য কোথাও আঘাতের চিহ্ন রয়েছে কি না তা দেখা হচ্ছে।
“আজিজুলকে কেউ মেশিনের ওপর থেকে ফেলে দিয়েছে, নাকি সে নিজেই পড়ে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”
স্বজনদের বরাত দিয়ে পরিদর্শক উত্তম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে কাজ শেষে আজিজুল আর বাড়ি ফেরেননি। তিনি ওভার টাইম করছেন মনে করে পরিবারের সদস্যরাও আর কোনো খোঁজও নেয়নি।
কিন্তু দুই দিনেও তার খোঁজ না পেয়ে শনিবার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেন। এরপর রোববার সকালে কারখানায় গিয়ে লাশ পায় পুলিশ।
এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে উত্তম জানান।
