২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালথায় দুদলের সংঘর্ষ, ওসিসহ আহত ৫০

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ও ভাওয়াল ইউনিয়নের বাসিন্দাদের সংঘর্ষে থানার ওসি মো. আফসারউদ্দিন ওসিসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রোববার বেলা সোয়া ১২টায় সংঘর্ষ শুরু হয়। পুলিশ গিয়ে বেলা দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত ওসিকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ মিজানুর রহমান বলেন, ইটের আঘাতে তার চোখের ভেতরে রক্তক্ষরণ হয়েছে। তাই তাকে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। 

অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান জানান, শনিবার বিকালে গট্টি ইউনিয়নের জয়ঝাঁপ গ্রামের মাঠে জয়ঝাঁপ ও ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়।

এরপর রাতে সালথা বাজারে উভয় গ্রামের কয়েকজনকে মারধর করা হয়।

এ ঘটনার জেরে রোববার সকালে উভয় ইউনিয়নের কয়েকহাজার লোক ঢাল, সরকী, বল্লম, কাতরা, রামদা ও লাঠিসোটাসহ দেশি অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এএসপি কামরুজ্জামান আরো বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফসার উদ্দিন ইটের আঘাতে আহত হন।

পরে খবর পেয়ে সালথা উপজেলা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন সংঘর্ষ থামাতে গেলে সংঘর্ষকারীরা তাদের কাউলিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে ফরিদপুর জেলা সদর থেকে বেলা দেড়টার দিকে দুই প্লাটুন দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।