ময়লা জমাটবাঁধা সার উত্তোলন বন্ধ
গাইবান্ধার বাফার স্টক গুদামের ছেঁড়া বস্তায় ময়লাযুক্ত জমাটবাঁধা ইউরিয়া সার উত্তোলন করছেন না ব্যবসায়ীরা।
এ সার ওজনে কম এবং নিম্নমানের হওয়ায় সেপ্টেম্বরের জন্য বরাদ্দ সার তারা উত্তোলন করবেন না বলে ঘোষণা দেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসককে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এদিকে, আমনের ভরা মৌসুমে সার নিয়ে উৎকণ্ঠায় পড়েছেন কৃষকরা।
ফার্টিলাইজার সমিতির সভাপতি কাজী হামিদুল হক জানান, কয়েক মাস থেকে বিসিআইসি কর্তৃপক্ষ গাইবান্ধার বাফার স্টকের জন্য চীন থেকে আমদানি করা নিম্নমানের ইউরিয়া সার সরবরাহ করছে। এ সার ওজনে কম। এছাড়া ছেঁড়াফাটা বস্তায় আসায় গুণগত মানও হ্রাস পেয়েছে।
ময়লাযুক্ত হওয়ার এ সার তারা বাজারজাত করতে পারছেন না।
নিম্নমানের সার কৃষকরা ক্রয় করতে চায় না। বাধ্য হয়ে সার ব্যবসায়ীরা আগে উত্তোলন করা ইউরিয়া সার বস্তা প্রতি ৩০ থেকে ৪০ টাকা কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।
তিনি আরো জানান, এ ধরনের সার যেন গাইবান্ধায় আর সরবরাহ করা না হয় সেজন্য সার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনসহ বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার অনুরোধ জানানো হয়। কিন্তু কর্তৃপক্ষ এনিয়ে কোন মাথা ঘামাচ্ছেন না।
তাই ভাল মানের সার না দেয়া পর্যন্ত সেপ্টেম্বর মাসে জেলার সার ব্যবসায়ীরা ইউরিয়া সার উত্তোলনের জন্য টাকা জমা দেবেন না।
গত ২৪ অগাস্ট জেলার সার ব্যবসায়ী সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে তিনি জানান।
শনিবার সরজমিনে দেখা যায়, গাইবান্ধার বাফার স্টক গুদামে বস্তায় জমাট বাঁধা ইউরিয়া সার পড়ে আছে। ওই সার ব্যবসায়ীরা উত্তোলন করছেন না। এনিয়ে স্টক কর্মকর্তার সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতন্ডা হচ্ছিল।
এ ব্যাপারে বাফার স্টক গুদামের ইনচার্জ হায়দার আলী খান জানান, ব্যবসায়ীদের দাবি অনুযায়ী জমাট বাঁধা সারের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তবে কৃষি বিভাগের উপ-পরিচালক মীর আব্দুর রাজ্জাক বলেন, জমাট বাঁধা সার হলেও ভয়ের কোনো কারণ নেই। এতে গুণগত মান কমে না।
এ নিয়ে কৃষকদের উৎকণ্ঠা সম্পর্কে তিনি জেনেছেন বলেও সাংবাদিকদের জানান।
