২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর নয় অবৈধ সরকার: প্রধানমন্ত্রী

অবৈধ পন্থায় যেন কেউ ক্ষমতায় যেতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 08:34 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

শনিবার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরণে’ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯টি সামরিক অভ্যুত্থানের চেষ্টার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “তারা অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে, দল গঠন করে, তা বৈধ করার জন্য জনগণের ভোট হরণ করে নির্বাচন করেছিল। সাংধিানিক প্রক্রিয়া ছাড়া অর্থনৈতিক মুক্তি আসে না, গণতন্ত্র সুরক্ষিত হয় না।

“সংবিধান অনুযায়ীই রাষ্ট্র পরিচালিত হবে। ভবিষ্যতে যেন আর কখনো অসাংবিধানিক পন্থায় রাষ্ট্র পরিচালিত না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। ভবিষ্যতে যেন অসাংবিধানিক পন্থায় রাষ্ট্র পরিচালিত না হয় সেটা এই সংশোধনীতে রাখা হয়েছে।”

সংবিধান সংশোধনের প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরে শেখ হাসিনা বলেন, “সংবিধান সংশোধনের বিশেষ কমিটিতে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধি নেয়া হয়েছে। শুধু বিএনপি সেখানে প্রতিনিধি দেয়নি। তবে আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে তারা উপস্থিত ছিলেন। এই বিল সেখানে তারা অনুমোদন করেন। এখন কেন প্রশ্ন তুলছেন?”

“বাংলাদেশের মানুষ ভোটের মালিক। তারাই প্রতিনিধি নির্বাচিত করবে। কেউ এখানে প্রভাবিত করবে না। সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া গণতন্ত্র সুরক্ষিত হবে না।”

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়, আওয়ামী ক্ষমতায় এলে উন্নতি হয়, দেশ এগিয়ে যায়।

“অনেক পরিকল্পনা বাস্তবায়ন করছি। কিছু বাস্তবায়নাধীন রয়েছে। আগামীতে ক্ষমতায় আসতে পারলে রূপকল্প ২০২১ অনুযায়ী ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।”

বিএনপি চেয়ারপার্সনের ছেলের টাকা পাচারের তথ্য তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, মানি লন্ডারিংয়ের টাকা দেশে ফেরত এসেছে। চক্ষুলজ্জা বলে একটা কথা থাকলেও তাদের তা নেই।

“আমরা নিজের ভাগ্য গড়তে আসি নি, জনগণের ভাগ্য গড়তে এসেছি। জাতির পিতার মতো মানুষের অধিকার নিশ্চিত করতে চাই।”

ছাত্রলীগ নেতাকর্মীদের আন্তর্জাতিক মানের পড়াশুনা করারও তাগিদ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “জিয়া ছাত্রদের হাতে অস্ত্র-মাদক তুলে দিয়েছিল, আমি তাদের হাতে কাগজ-কলম বই তুলে দিয়েছি। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। নিজেদের গড়ে তুলতে হবে। ফেল করা নেতৃত্ব ক্ষমতায় এলে দেশের কি অবস্থা হয় তা সবাই জানে।”

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “সংগঠন করতে হবে। তবে লেখাপড়া বাদ দিয়ে নয়। ত্যাগের মধ্য দিয়ে দেশের কাজ করা যায়। ত্যাগ ছাড়া কোনো অর্জন সম্ভব নয়।

বৃষ্টি উপেক্ষা করেও ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়া হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মী প্রধানমন্ত্রীর দিক নির্দেশনামূলক বক্তব্য শোনেন। আলোচনা সভার বেশিরভাগ সময় জুড়েই বৃষ্টি হওয়ায় অনেকেই হাতের প্ল্যাকার্ড, ডিজিটাল ব্যানার মাথায় নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।

তিনি বলেন, “তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার কীভাবে দুই বছর ছিল, আপনারা দেখেছেন। তাদের বিরুদ্ধে ছাত্র ও শিক্ষকেরা আন্দোলন করে প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের জনগণ কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না।”

পরাজিত শক্তি ক্ষমতায় বসেছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “বাঙালি কখনো পরাভব মানে না। তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। তাই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাইলেও তারা তা পারেনি।”

প্রধান অতিথির বক্তব্য দেয়ার আগে ছাত্রলীগের বার্ষিক প্রকাশনা ‘মাতৃভূমির’ মোড়ক উন্মোচন করেন হাসিনা।

ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বক্তব্য দেন।