মাওয়ায় আকষ্মিক ভাঙন
মুন্সীগঞ্জের মাওয়ায় নদী ভাঙনে বেশকিছু স্থাপনাসহ প্রায় ৬০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
শনিবার বিকালে পুরোনো ফেরিঘাটের এ ভাঙনে একটি মসজিদ এবং ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পদ্মায় হারিয়ে যায় বলে জেলা প্রশাসন জানিয়েছে।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, ক্ষতিগ্রস্তদের সাহায্য ছাড়াও স্থানীয়দের জানমালের নিরাপত্তা ও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় জনগণকে নিরাপদ দূরত্বে চলে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অহিদুল ইসলাম।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, সন্ধ্যার আগে ঘাট এলাকায় হঠাৎ ভূ-কম্পন অনুভূত হয়। এর পরপরই মাওয়া পুরাতন ৩নং রো রো ফেরিঘাট ও ২নং ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দেয়।
এ সময় লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করে। স্থানীয় দোকানিরা তাদের দোকান ঘর অন্যত্র সরিয়ে নিতে শুরু করে।
ভাঙনে হুমকির মুখে পড়া বিআইডাব্লিউটিসির ভাসমান ওয়ার্কশপ সরিয়ে নিতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
