২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংসদ সদস্য আচরণ আইন’ পাসের দাবি

বেসরকারি বিল হিসাবে ‘সংসদ সদস্য আচরণ আইন ২০১০’ সংসদের আগামী অধিবেশনেই পাস করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 07:06 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘সংসদ সদস্য আচরণ আইনের অপরিহার্যতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা থেকে এই দাবি জানানো হয়।

২০১০ সালের ১৪ জানুয়ারি সাংসদ সাবের হোসেন চৌধুরী  ১৫টি ধারা সম্বলিত এই বেসরকারি বিলটি সংসদে উত্থাপন করেন।

পরে ‘বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্য বিল প্রস্তাব কমিটি’ প্রয়োজনীয় পরীক্ষার পর ১২ নম্বর ধারাটি বিলুপ্ত করে ২০১১ সালের মার্চ মাসে সংশোধিত আকারে বিলটি সংসদে পাসের জন্য সুপারিশ করে। 

এ বিষয়ে সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত এই বিল পাসের কোনো উদ্যোগ নেয়া হয়নি।”

তিনি বলেন, “সংসদের অভ্যন্তরে সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কার‌্যক্রণালী বিধিতে সুস্পষ্ট বিধি বিধান থাকলেও সংসদের বাইরে তাদের সংযত আচরণ নিশ্চিত করার লক্ষ্যে কোনো ধরনের বিধিবদ্ধ আইন নেই। তাই আমরা বেসরকারি বিল হিসাবে আগামী সংসদ অধিবেশনেই সংসদ সদস্য আচরণ আইন পাসের জোর দাবি জানাচ্ছি।”

প্রস্তাবিত বিলের ১২ নম্বর ধারাটি পুনঃস্থাপনেরও দাবি জানান বদিউল আলম মজুমদার।

এই ধারায় সংসদে আলোচনা বা বক্তব্য ‍উপস্থাপনে ব্যক্তিগত আক্রমণ, কুৎসামূলক বক্তব্য, অযাচিত সমালোচনা, কটু বা অশ্লীল ভাষা এবং অসৌজন্যমূলক অঙ্গভঙ্গী সচেতনভাবে পরিহার করার পাশাপাশি ভিন্ন রাজনৈতিক অবস্থানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, “সংসদ সদস্যদের কাজ শুধু আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ থাকলে অনেকেই হয়তো নির্বাচন করতেই আগ্রহী হতেন না। কিন্তু যারা নির্বাচন করেন তারা জানেন যে নির্বাচিত হলে প্রশাসনের উপর নিয়ন্ত্রণ থাকবে। ব্যবসায়ে নিয়ন্ত্রণ থাকবে।”

কার্যপ্রণালী বিধি লঙ্ঘন করে নিজেদের স্বার্থ জড়িত আছে এমন সংসদীয় স্থায়ী কমিটিতে সাংসদদের অন্তর্ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, “এ বিষয়টি তো প্রধানমন্ত্রীই ঠিক করেন। যাদেরকে এসব কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় তারা কে কি ব্যবসা করেন তিনি সেটা ভালমতোই জানেন।”

তবে সাংসদদের এসব ‘অসদাচারণ’ রোধের জন্য ‘আইনের বদলে একটা বিধি হওয়া উচিত’ বলে মন্তব্য করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার।

“আমি ব্যক্তিগতভাবে মনে করি আইনের বদলে একটি বিধি হওয়া উচিত। যেখানে সাংসদদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার ব্যবস্থা থাকবে।”

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে কথা বলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এম শফি সামি, সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেন, সংসদ সদস্য অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, সাবেক সাংসদ হুমায়ুন কবির হিরু, সাবেক বিচারপতি কাজী এবাদুল হক, সাবেক সচিব আলী ইমাম মজুমদার প্রমুখ।