২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম স্টেশনে বোমাসহ গ্রেপ্তার যুবক শিবিরকর্মী

চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশন থেকে বোমাসহ এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 07:05 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুরনো স্টেশনের ওভারব্রিজের দক্ষিণ পাশ থেকে ফরিদ উদ্দিন নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

ফরিদ (২৪) হাজী মুহসীন কলেজের ছাত্র। তার বাবার নাম আব্দুল মান্নান।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরিদের কাছে গ্রেনেডের মতো তিনটি হাতবোমা এবং ১২টি রকেট ফ্লেয়ার পাওয়া গেছে।

সদরঘাট থানার ওসি প্রণব কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাট ও রেলওয়ে থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে।

“রেল স্টেশন এলাকায় বড় ধরনের ধংসাত্মক কাজের জন্যই ফরিদ এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি। সে শিবিরের সক্রিয় কর্মী।”

মোস্তাক আহমেদ জানান, উদ্ধারকৃত রকেট ফ্লেয়ারগুলোর ভেতর বিস্ফোরক পদার্থ দিয়ে এগুলোকে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা যায়।

গ্রেপ্তার ফরিদকে নিয়ে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রায় ঘোষণার পর নগরীর অলঙ্কার মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়।

ওই সংঘর্ষের ঘটনায় পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরক ভর্তি রকেট ফ্লেয়ার নিক্ষেপ করা হয়।