দাম্পত্য কলহে খুন ও আত্মহত্যা, পুলিশের দাবি
চট্টগ্রামের পাহাড়তলীর একটি হোটেল থেকে মৃত উদ্ধার করা দুজন পরস্পর স্বামী-স্ত্রী, দাম্পত্য কলহের জের ধরে যাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে নগরীর অলঙ্কার মোড়ের গোল্ডেন সিটি হোটেলের একটি কক্ষ থেকে সাইফুল ইসলাম (৩৫) ও আজেদা বেগমের (৩২) লাশ উদ্ধার করা হয়।
সাইফুল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাড়াই গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামের কর্নেল হাট এলাকার একজন রিকশাচালক।
আর আজেদা নেত্রকোনা জেলার মুত্তাকী বাজারের রহিমা বেগমের মেয়ে।
রহিমার বরাত দিয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক বছর আগে সাইফুলের সঙ্গে আজেদার বিয়ে হয়।
আরেফিন বলেন, “দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় এ ঘটনা ঘটেছে। আত্মহত্যা করার আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন সাইফুল। তাতে লেখা আছে, আজেদাকে জবাই করে হত্যা করার পর তিনি আত্মহত্যা করেন।”
তবে হোটেল কক্ষ থেকে উদ্ধার করা আজেদার একটি পরিচয়পত্রে তার স্বামীর নাম গোলাম মাওলা লেখা আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি জানান, আজেদার আগে একবার বিয়ে হয়। সে ঘরে তার তিনটি ছেলে ও একটি মেয়ে আছে।
পাহাড়তলী থানার উপ-পরিদর্শক এ কে এম ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকালে ওই দম্পতি অলঙ্কার মোড়ের গোল্ডেন সিটি হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে উঠেন। হোটেলের খাতায় চিকিৎসার জন্য চট্টগ্রামে আসার বিষয়টি উল্লেখ আছে।
শনিবার সকাল ১০টা পর্যন্ত তাদের কক্ষের দরজা বন্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় সাইফুলের ও মেঝেতে রক্তাক্ত অবস্থায় আজেদা বেগমের লাশ উদ্ধার করে ।
এদিকে ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল আলামত সংগ্রহ করেছে।
ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে হোটেলের ব্যবস্থাপক রফিক এবং তারেক ও ফারুক নামের দুই কর্মচারীকে থানায় নিয়ে গেছে পুলিশ।
