সিরাজগঞ্জে ৩ গ্রামের সংঘর্ষে আহত ১০
আখের রস বিক্রি নিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের তিনটি গ্রামের লোকজনের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, মারপিট ও ভাংচুরের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
শুক্রবার সকালে ধুকুরিয়া, সাতলাঠি ও লক্ষ্মীপুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে ধুকুরিয়া বাজারে আখের রস বিক্রির ঘটনাকে কেন্দ্র করে এ তিন গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে।
বিষয়টি নিয়ে সকালে পিরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিস বৈঠকে বসেন এলাকার মুরুব্বীরা।
ওই বৈঠকেই হঠাৎ একপক্ষ আরেকপক্ষের উপর হামলা চালায়।
এক পর্যায়ে লক্ষ্মীপুর, পিরারচর ও সাতলাঠি গ্রামের লোকজন মসজিদের মাইক থেকে এ মারামারির খবর প্রচার করে। পরে তিন গ্রামের অন্তত দুই হাজার মানুষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন।
তিনি জানান, তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০/২৫টি বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান এসআই মনির।
তিনি জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
