২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পাউবো কর্মকর্তা খুন

নাটোরের সিংড়া উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

নাটোর/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 03:42 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

পুলিশ জানায়, শুক্রবার সকালে নাটোর-বগুড়া সড়কের দশমাইল এলাকায় রাস্তার পাশে তেলিগ্রাম বিলে মৃতদেহটি পাওয়া যায়।

নিহত রকিবুল ইসলাম (৩৫) নাটোর সদরের সুলতানপুর গ্রামের ওমর আলীর ছেলে।

তিনি রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারণ কর্মকর্তা ছিলেন বলে জানান সহকারী নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার হালদার।

পরিবার নিয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কলোনিতে বসবাস করলেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রকিবুলের স্ত্রী চাকরির কারণে অন্যত্র বসবাস করতেন।

সিংড়া থানার ওসি এএইচএম ফয়জুর রহমান জানান, সকাল ৯টার দিকে তেলিগ্রাম বিলে জিন্স প্যান্ট ও চেক হাফ হাতা শার্ট পরিহিত এক ব্যক্তির লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

“তার দুই পা ও দুই হাত সাদা নাইলনের দড়ি দিয়ে বাঁধা এবং গলায় গামছা পেঁচানো ছিল,” বলেন তিনি।

পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে রকিবুলের পরিচয় পাওয়ার যায় বলে জানান ওসি।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।