২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ছিনতাইকারীদের পিটুনিতে কলেজছাত্র নিহত

গাইবান্ধা শহরে এক কলেজছাত্রকে পিটিয়ে মেরেছে ছিনতাইকারীরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 01:34 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

নিহত কামরুল ইসলাম (১৭) গাইবান্ধা আদর্শ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

তিনি ফুলছড়ি উপজেলার এরন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামের ইউসুফ আলী মন্ডল মাস্টারের ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।

এঘটনার পরপরই ওই ছাত্রের বিক্ষুব্ধ সহপাঠী ও কলেজের শিক্ষার্থীরা গাইবান্ধা-পলাশবাড়ী-সাদুল্লাপুর সড়ক আধঘণ্টা অবরোধ করে রাখে।

নিহতের চাচা মোহাম্মদ আলী মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এক বন্ধুসহ কামরুল আদর্শ কলেজসংলগ্ন এলাকায় তার বাড়ি থেকে খানকা শরীফ এলাকায় নিজেদের মেসে ফিরছিলো। পথে শচীন চাকী (আদর্শ কলেজ রোড) সড়কে কয়েকজন ছিনতাইকারী তাদের পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

তিনি বলেন, “এসময় কামরুল প্রতিরোধ করার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে প্রচণ্ড মারধর করে ফেলে রেখে যায়। এসময় তার ওই বন্ধু পালিয়ে যায়।”

পরে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন।

তিনি বলেন, কী কারণে কামরুলকে দূর্বৃত্তরা হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

এঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধা আদর্শ কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাইবান্ধা-পলাশবাড়ী-সাদুল্লাপুর সড়কের শহরের ২ নং রেলগেট এলাকায় অবস্থান নেয়।

পরে রাত সাড়ে ১০টার দিকে ছিনতাইকারীদের প্রেপ্তারে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয় বলে জানান তিনি।