পরিবহন ধর্মঘটে যাত্রীরা আটকা পড়েছে বেনাপোলে
বাংলাদেশ পরিবহন মালিক শ্রমিক সমিতির ডাকা ধর্মঘটে বেনাপোল থেকে ঢাকাগামী দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় ভারত ফেরত যাত্রীরা আটকা পড়েছেন।
বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগের ১০ জেলায় এ পরিবহনের ডাক দেয়া হয়।
বাংলাদেশ পরিবহন বাস মালিক সমিতির সহ-সভাপতি ও ঈগল পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক পবিত্র কাপুড়িয়া জানান, বুধবার সন্ধ্যায় ঢাকার গাবতলী এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে দুর্ঘটনায় এক যুবক মারা যায়।
“এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে গাবতলীর স্থানীয় কিছু যুবক কাউন্টার থেকে জোরপূর্বক ঈগল পরিবহনের পাঁচটি বাস নিয়ে যায় এবং কাউন্টারে হামলা চালিয়ে শ্রমিকদের মারধর করে।”
এ ঘটনার প্রতিবাদে দুপুর থেকে খুলনা বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান পবিত্র কাপুড়িয়া।
ঈগল পরিবহনের বেনাপোল কার্যালয়ের প্রধান এম আর রহমান রাশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের নির্দেশে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
“বেনাপোল থেকে দূরপাল্লার সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।”
দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীরা স্থানীয় হোটেল ও বাস কাউন্টারে অপেক্ষা করছেন বাসের জন্য। এতে দুর্ভোগের শিকার হচ্ছে তারা।
ঈগল পরিবহনের বেনাপোল কাউন্টারে আটকা পড়া ঢাকার যাত্রাবাড়ির টিপু চৌধুরী ও কলাবাগানের মাহাবুব আলম জানান, তারা বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে দেশে ফেরেন। কিন্তু ধর্মঘটের কারণে বাড়ি ফিরতে পারছেন না।
“অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে আমরা এখানে আছি।”
