২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবমেরিনও কিনব: হাসিনা

প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে ভবিষ্যতে সাবমেরিন কেনার আশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 04:47 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

পুরনো খবর:

নৌবাহিনীতে যুক্ত হলো টহল বিমান, যুদ্ধজাহাজ

বৃহস্পতিবার চট্টগ্রামে তিনটি যুদ্ধ জাহাজ ও দুইটি মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট কমিশনিং অনুষ্ঠানে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।

নৌবাহিনী আধুনিকায়নে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপ জানিয়ে শেখ হাসিনা বলেন, “এ প্রক্রিয়ার অংশ হিসেবে ভবিষ্যতে আমরা সাবমেরিনও কিনব।”

তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর নৌবাহিনীতে এভিয়েশন উইং সংযোজন কার্যক্রম গ্রহণ করা হয়। ২০০১ সালে নৌবাহিনীতে হেলিকপ্টার উড্ডয়ন কার্যক্রমে সক্ষম সম্পূর্ণ নতুন অত্যাধুনিক ফ্রিগেট ‘বানৌজা বঙ্গবন্ধু’ সংযোজিত হয়।

 “এবার ক্ষমতা গ্রহণের পর ২০১১ সালে নৌবাহিনীতে সংযোজিত করা হয় ইতালি থেকে কেনা দুটি মেরিটাইম হেলিকপ্টার। আজ নেভাল এভিয়েশনে যুক্ত হল জার্মানি থেকে কেনা দুটি এয়ারক্রাফট।”

“এর মধ্যে দিয়ে নৌবাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও সামর্থ্যবান ত্রি-মাত্রিক বাহিনীতে রূপান্তরে সরকারের সদিচ্ছার আরেকটি মাইল ফলক রচিত হল।”

ভৌগলিক অবস্থান ও কৌশলগত কারণে বাংলাদেশের জলসীমা রক্ষায় নৌবাহিনীর ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে বর্তমান সরকার সাত বছরের স্থবিরতা কাটিয়ে নৌবাহিনীকে একটি কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে, যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়িত হবে।

সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ের কথা তুলে ধরে তিনি বলেন, ৩৮ বছরের এ সমুদ্র সীমা বিরোধ মীমাংসায় বাংলাদেশ বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল একান্ত অর্থনৈতিক এলাকার আইনগত অধিকার লাভ করেছে।

সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে আইনি লড়াইয়েও জয় বাংলাদেশের হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা, যার রায় ২০১৪ সালে হবে।

তিনি বলেন, “স্থলভাগের সম্পদ সীমিত হয়ে পড়ার কারণে সারা বিশ্বের নজর পড়েছে সমুদ্র সম্পদের দিকে।বাংলাদেশে ৭২০ কিলোমিটার উপকূলীয়  এলাকায় ৩ কোটি মানুষ জীবিকা নির্বাহের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সমুদ্রের ওপর নির্ভরশীল।”

বিদেশের সঙ্গে বাণিজ্যের ৯০ ভাগ সমুদ্রপথে হয়ে থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এ সমুদ্র এলাকায় নিরাপত্তা বিধান অপরিহার্য্য।”

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, প্রাথমিক ও গণ-শিক্ষামন্ত্রী আফসারুল আমীন উপস্থিত ছিলেন। সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারাও ছিলেন অনুষ্ঠানে।